থুতনিতে ঘাস কাটার যন্ত্র নিয়ে হেঁটে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থুতনির ওপর আস্ত ঘাস কাটার যন্ত্র নিয়ে হঁাটছেন ডেভিড রাশ
ছবি: সংগৃহীত

অনেকে নানা কসরত দেখিয়ে মানুষকে আনন্দ দেন। কিছু কসরত আছে, যা দেখাতে গিয়ে শরীরের ভারসাম্য রাখা কঠিন। যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশ যা করেছেন, তা রীতিমতো বিস্ময়কর। নিজের থুতনির ওপর আস্ত ঘাস কাটার যন্ত্র নিয়ে হেঁটে রেকর্ড গড়েছেন তিনি। থুতনির ওপর এমন যন্ত্র নিয়ে ৩ হাজার ২৫৭ ফুট হাঁটার ঘটনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে। খবর ইউপিআইয়ের।

ডেভিড রাশ অবশ্য শুধু শুধু রেকর্ডসের পেছনে দৌড়ান না। তাঁর নিজের লক্ষ্য হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) শিক্ষার প্রচার করা। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যে ২০০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। এর আগে ঘাস কাটার যন্ত্র চিবুক বা থুতনিতে করে ৬৫৬ ফুট হেঁটে তিনিই এ বিষয়ে রেকর্ড গড়েছিলেন। পরে অবশ্য একজন রেকর্ডটি ভেঙে দেন। ওই ব্যক্তি ৯১২ ফুট পর্যন্ত হেঁটেছিলেন। এবার ডেভিড রাশ তিন হাজারের বেশি ফুট হেঁটে নতুন রেকর্ড গড়েন।

ইউপিআই জানায়, রেকর্ড গড়ার সময় অবশ্য ঘাস কাটার যন্ত্রটি চালু ছিল না। এর হাতলের দিকটি নিজের থুতনিতে লাগিয়ে ভারী যন্ত্রটি ওপরের দিকে তুলে রাখেন ডেভিড। এরপর ভারসাম্য রেখে তিনি একটি ট্র্যাকে চক্কর দেন।

ডেভিড বলেন, নিজের ভারসাম্য রেখে তিনি থুতনির ওপর যন্ত্রটি বসিয়ে হাঁটা শুরু করেন। ট্র্যাকের ওপর আড়াই চক্কর দেওয়ার পর দেখা যায় তিনি ৩ হাজার ফুটের বেশি দূরত্ব অতিক্রম করেছেন। এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নতুন একটি রেকর্ড। ডেভিড অবশ্য বলেছেন, রেকর্ড গড়লেও তাঁর একটি আফসোস থেকে গেছে। তাঁর লক্ষ্য ছিল ৩ হাজার ২৮০ দশমিক ৮৪ ফুট বা ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা। কিন্তু তিনি ২৩ ফুট বা ৭ মিটারের মতো দূরত্ব আর পার করতে পারেননি। ফলে তাঁর ব্যক্তিগত লক্ষ্য অপূর্ণই রয়ে গেল!

ডেভিড বলেন, ‘আমি যদি আর সাত মিটার পার হতে পারতাম! তবে যা পেরেছি, সে ফলাফলে আমি খুশি।’