থেইন সেইনের সঙ্গে হিলারির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেছেন। কম্বোডিয়ার পর্যটন নগর সিয়েম রিপে এশীয় অঞ্চলের ব্যবসায়ীদের একটি সম্মেলনের বাইরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হিলারি তাঁর দেশের শীর্ষ পর্যায়ের একদল ব্যবসায়ীর সঙ্গে থেইন সেইনকে পরিচয়ও করিয়ে দেন।সম্প্রতি ওয়াশিংটন নেপিডোর ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছে। গত বুধবার যুক্তরাষ্ট্র ওই দেশের ব্যবসায়ীদের মিয়ানমারের তেল ও গ্যাস খাতে বিনিয়োগের সবুজ সংকেত দেয়।মিয়ানমার বলেছে, বৈঠকে থেইন সেইন ও হিলারির মধ্যে মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কার নিয়েও আলোচনা হয়। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক বলেন, ‘এই বৈঠকের মধ্য দিয়ে মিয়ানমারের সংস্কার-প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের বিষয়টি প্রকাশিত হয়েছে।’এর আগে হিলারি গত বৃহস্পতিবার বলেন, গৃহবন্দিত্ব থেকে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে মুক্তি ও তাঁর দলকে (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি—এনএলডি) মূলধারার রাজনীতিতে সুযোগ দেওয়ার মতো পরিবর্তনকে ওয়াশিংটন স্বাগত জানায়। তবে তিনি কিছু বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন। হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করে নেওয়ার অর্থ এই নয়, ‘আমরা সন্তুষ্ট এবং সংস্কার-প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। রাজবন্দীরা এখনো আটক অবস্থায় রয়েছেন।’ বিবিসি ও এএফপি।