থেমে গেল কফি হাউসের সেই আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের জলসাঘরে। ছবি: খালেদ সরকার
জীবনের জলসাঘরে। ছবি: খালেদ সরকার

‘কফি হাউস’ গানের আড্ডার মতোই জীবনের আড্ডা থেকে চিরবিদায় নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ৯৪ বছর বয়সী এই শিল্পী আজ বৃহস্পতিবার ভোররাত তিনটা ৫০ মিনিটে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মান্না দের মরদেহ আজ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বেঙ্গালুরুর রবীন্দ্র কলাক্ষেত্রে রাখা হয়। দুপুরে বেঙ্গালুরুর হিব্বল মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
মান্না দের মৃত্যুতে উপমহাদেশের চলচ্চিত্র, সংগীত, রাজনীতিসহ সব মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯১৯ সালের ১ মে কলকাতায় জন্মগ্রহণ করেন মান্না দে। আসল নাম প্রবোধ চন্দ্র দে হলেও ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা গায়ক হিসেবে তিনি পরিচিত মান্না দে নামে। তাঁর বাবা পূর্ণ চন্দ্র এবং মা মহামায়া দে। গানের ব্যাপারে চাচা সংগীত আচার্য কৃষ্ণ চন্দ্র দে তাঁকে খুব বেশি অনুপ্রাণিত ও উত্সাহিত করেছেন। এ ছাড়া ওস্তাদ দাবির খানের কাছ থেকে গানের শিক্ষালাভ করেন। ‘ইন্দু বাবুর পাঠশালা’ নামে ছোট প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। তারপর স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং কলেজে স্নাতক শিক্ষাগ্রহণ করেন। কলেজে পড়াকালীনই সহপাঠীদের গান শুনিয়ে মাতিয়ে রাখতেন। সে সময় আন্তকলেজ গানের প্রতিযোগিতায় মান্না দে টানা তিন বছর তিনটি আলাদা বিভাগে প্রথম হন।

মান্না দে ১৯৪২ সালে কৃষ্ণ চন্দ্র দের সঙ্গে মুম্বাইয়ে যান। শুরুতে কৃষ্ণ চন্দ্র দের সহকারী হিসেবে এবং তারপর শচীন দেব বর্মণের সঙ্গে কাজ করেন। পরে তিনি আরও অনেক স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন এবং স্বাধীনভাবে কাজ শুরু করেন। সে সময় বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সংগীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলি খান ও ওস্তাদ আবদুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে তামিল নেন।

চাচার সঙ্গে মুম্বাইয়ে এসে সে বছরই ‘তামান্না’ চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্না দের অভিষেক ঘটে। এতে তিনি কণ্ঠ দেন সুরাইয়ার সঙ্গে। গানটির সুরকার ছিলেন কৃষ্ণ চন্দ্র দে। ‘জাগো আয়ে উষা পানছি বলে জাগো’ শিরোনামের গানটি সে সময়ে ভীষণ শ্রোতাপ্রিয়তা লাভ করে। ‘মশাল’ (১৯৫০) ছবিতে শচীন দেব বর্মণের গীত রচনায় ‘ওপার গগন বিশাল’ নামে একক গান গেয়েছিলেন। ১৯৫২ সালে মান্না দে বাংলা ও মারাঠি ছবিতে একই নামে এবং গল্পে ‘আমার ভূপালী’ গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠিত ও পাকাপোক্ত করেন। আর এতে করেই জনপ্রিয় গায়ক হিসেবে সংগীতপ্রেমীদের কাছ থেকে স্বীকৃতি পান।

মান্না দে ভীমসেন যোশির সঙ্গে একটি জনপ্রিয় দ্বৈত গান ‘কেতকি গুলাব জুহি’ গান। এ ছাড়া তিনি কিশোর কুমারের সঙ্গে দ্বৈত গান হিসেবে ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে (শোলে)’ এবং ‘এক চতুর নর (পদোসান)’ গান। মান্না দে এ ছাড়া শিল্পী ও গীতিকার হেমন্ত মুখোপাধ্যায়সহ আরও বেশ কিছু নামকরা গীতিকারের সঙ্গে বাংলা ছবিতে গান গেয়েছিলেন। দ্বৈত সংগীতে লতা মুঙ্গেশকরের সঙ্গে ‘কে প্রথম কাছে এসেছি’ গান করেছেন। রবীন্দ্রসংগীতসহ প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন মান্না দে।

মান্না দে গায়ক হিসেবে আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতার কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল। এ ছাড়া হিন্দি ও বাংলা চলচ্চিত্রে গায়ক হিসেবে অশেষ সুনাম অর্জন করেছেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো প্রখ্যাত সংগীতশিল্পীদের সমান্তরালে তিনিও ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৫৩ সালের ১৮ ডিসেম্বর কেরালার মেয়ে সুলোচনা কুমারণকে বিয়ে করেন মান্না দে। তাঁদের দুই কন্যা সুরমা ও সুমিতা যথাক্রমে জন্মগ্রহণ করেন ১৯ অক্টোবর ১৯৫৬ ও ২০ জুন ১৯৫৮ সালে।

মান্না দে পঞ্চাশ বছরেরও বেশি সময় মুম্বাই শহরে বসবাস করেছেন। ২০০৫ সালে কলকাতার আনন্দ পাবলিশার্স বাংলা ভাষায় তাঁর আত্মজীবনী ‘জীবনের জলসাঘরে’ প্রকাশ করে। পরে এটি ইংরেজিতে ‘মেমরিজ কাম এলাইভ’, হিন্দিতে ‘ইয়াদেন জি ওথি’ এবং মারাঠি ভাষায় ‘জীবনের জলসাঘরে’ নামে অনূদিত হয়েছে।

হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় গান গেয়েছেন বছরের পর বছর। বৈচিত্র্যের বিচারে তাঁকেই হিন্দি গানের ভুবনে সর্বকালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীতবোদ্ধা।

সংগীতজীবনে মান্না দে সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেন। তাঁর এ অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ ও ২০০৯ সালে দাদা সাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে।

তথ্যসূত্র: জীবনের জলসাঘরে