থেমে গেল জাদুকরি কণ্ঠ
‘লেকে পাহেলা পাহেলা পেয়ার’, ‘ছাঁইয়া দিলমে আনারে’—কালজয়ী এসব গানের শিল্পী কিংবদন্তি গায়িকা শামশাদ বেগম আর নেই। বার্ধক্যের কারণে গত মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মেয়ে ঊষা রাত্রা গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।জাদুকরি কণ্ঠে সুরের ইন্দ্রজাল ছড়িয়ে ৬০ বছরের বেশি সময় ধরে বলিউডের দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন এই অমরশিল্পী। ২০০৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক ‘পদ্মভূষণ’ সম্মাননা পান। শামশাদ বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তেওয়ারি। তিনি বলেন, চলচ্চিত্র জগৎ তার সবচেয়ে বৈচিত্র্যময় কণ্ঠের অধিকারী শিল্পীকে হারাল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন গতকাল সামাজিক ওয়েবসাইট টুইটারে একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টিকারী বহু গান গেয়েছেন শামশাদ বেগম। আজ তিনি নীরব হলেন। পাঞ্জাবের অমৃতসরে ১৯১৯ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন শামশাদ বেগম। গানের ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তাঁর। গান গাওয়া শুরু করেন ১৯৩৩ সালে। ১৯৪১ সালে যখন খাজাঞ্চি চলচ্চিত্রে গান করেন, তখন তিনি গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ১৯৪৭ সালে পেশোয়ার রেডিওতে কর্মজীবন শুরু করেন।হিন্দি চলচ্চিত্রের প্রথম তারকা ও গায়ক কে এল সায়গলের বড় ভক্ত ছিলেন শামশাদ। তাই সায়গলের অভিনীত দেবদাস চলচ্চিত্রটি তিনি ১৪ বার দেখেছেন। প্রচারবিমুখ এই গায়িকা বাবাকে কথা দিয়েছিলেন কখনোই ক্যামেরার সামনে দাঁড়াবেন না। ফলে সত্তরের দশকের শেষ পর্যন্ত তাঁর ছবি কেউ দেখেনি। আশির দশকের শেষদিকে তিনি অল্প অল্প করে গণমাধ্যমের সামনে আসতে থাকেন। সর্বশেষ ২০১২ সালে তিনি একটি সাক্ষাৎকার দেন। ১৯৫৬ সালে সিআইডি চলচ্চিত্রে গাওয়া ‘লেকে পাহেলা পাহেলা পেয়ার/ ফিরকে আঁখো মে তুমহার/ জাদু নাগরি সে আয়া’ গানটিকে তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাঁর অন্য বিখ্যাত কয়েকটি গান হলো চালি চালি কায়সি ইয়ে হাওয়া ইয়ে (১৯৬৫, ব্লাফমাস্টার), কাভি আর কাভি পার জারা দেরে চালো (আর পার), ভুজ মেরে কায়া নাম ও গাড়িওয়ালে ধীরে ইত্যাদি। রয়টার্স।