থেরেসা মের ঘনিষ্ঠ দুই উপদেষ্টার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিক টিমোথি (বাঁয়ে) ও ফিয়োনা হিল
নিক টিমোথি (বাঁয়ে) ও ফিয়োনা হিল

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের ঘনিষ্ঠ দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন লাভে ব্যর্থ হওয়ায় তাঁরা পদত্যাগ করেন বলে শোনা যাচ্ছে।

পদত্যাগী দুই উপদেষ্টা হলেন: নিক টিমোথি ও ফিয়োনা হিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, তিনি যদি নিক টিমোথি ও ফিয়োনা হিলকে বরখাস্ত না করেন তবে তাঁর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। এর জের ধরেই তাঁরা পদত্যাগ করেছেন।

টিমোথি বলেছেন, তিনি নির্বাচনের ‘হতাশামূলক’ ফলাফলে তাঁর ভূমিকার দায়ভার গ্রহণ করছেন।

বিবিসির সহযোগী রাজনৈতিক সম্পাদক নরম্যান স্মিথ বলেন, এই দুজনের পদত্যাগ প্রধানমন্ত্রীর জন্য কিছুটা ‘স্বস্তি’ এনে দিয়েছে। তিনি বলেন, এই দুজন প্রধানমন্ত্রীর এতটাই ঘনিষ্ঠ ছিলেন, সমালোচক এমপিদের ধারণা—তাঁরা সরে না গেলে প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্বের প্রকৃতি পরিবর্তন করতে পারবেন না।

৬৫০ আসনের হাউস অব কমনসের নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩১৮ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৩২৬ আসন। থেরেসা মে অবশ্য ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন নিয়ে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। ডিইউপি ১০টি আসন পেয়েছে। বিদায়ী পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির ৩৩০ আসন ছিল।