
বিরোধী দল লেবার পার্টির মধ্যে দ্বন্দ্ব এবং জেরেমি করবিনের উত্তাপহীন ব্যক্তিত্বের কারণে থেরেসা মের নেতৃত্বে কনজারভেটিভরা বড় ধরনের জয় পাবে—তা অবধারিত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু আজ রোববার প্রকাশিত জরিপের ফল সেই হিসাব-নিকাশ অনেকটা বদলে দিয়েছে। এই জরিপে আভাসে বলা হচ্ছে, থেরেসা মের জয় অতটা সহজ হবে না। আগামী ৮ জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ প্রকাশিত শীর্ষস্থানীয় চারটি জরিপের ফল বলছে, ইশতেহার ঘোষণার পর কনজারভেটিভের ভোট ব্যাংকে বড় ধরনের আঘাত করতে সক্ষম হয়েছে লেবার। এরই মধ্যে ‘সানডে টাইমস’র জন্য করা প্রভাবশালী ‘ইউগব’র জরিপ বলছে, লেবার দলের সমর্থন ৩১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৬ শতাংশ। বিপরীতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সমর্থন ৪৯ শতাংশ থেকে কমে হয়েছে ৪৫ শতাংশ। দল দুটির ব্যবধান এখন ৯ শতাংশ।
গত এপ্রিলে থেরেসা মে ৮ জুন নির্বাচনের ঘোষণার দেন। এরপর প্রথমবারের মতো দল দুটির ব্যবধান এককের ঘরে নেমে এল। ওই সময় লেবার পার্টির সমর্থন ছিল মাত্র ২৬ শতাংশ এবং ক্ষমতাসীনদের সঙ্গে দলটির ব্যবধান ছিল প্রায় ২২ শতাংশ।
২০১৫ সালের নির্বাচনে লেবার পার্টির প্রাপ্ত ভোট ছিল ৩০ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায়ও লেবারের বর্তমান অবস্থান শক্তিশালী। লেবার পার্টির দুর্বল অবস্থানের সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে হুট করে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন বলে মনে করা হয়। ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) সমঝোতায় নিজের চাওয়াকে নিরঙ্কুশ করতে আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরতে চান থেরেসা মে।
প্রচারের শুরু থেকেই কনজারভেটিভরা বলছেন, জেরেমি করবিন ব্রেক্সিট সমঝোতার জন্য উপযুক্ত নন। এ কাজে দরকার বলিষ্ঠ ও স্থিতিশীল নেতৃত্ব। বেক্সিট কার্যকরের জন্য জনগণ থেরেসাকেই নির্বাচিত করবে—এমনটি অবধারিত বলেই ধরে নিয়েছিলেন তাঁরা। যে কারণে দলটির নির্বাচনী ইশতেহারে চলমান সমস্যাগুলোর সমাধান যেমন উপেক্ষিত, তেমনি আছে আরও কৃচ্ছ্রসাধনের বিতর্কিত ঘোষণা। দলের ঐতিহ্যের বিপরীতে গিয়ে থেরেসা এবার প্রবীণদের নানা কল্যাণসুবিধা হ্রাস করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বিপরীতে এবার অর্থের উৎস সম্পর্কেও কোনো হিসাব দেয়নি দলটি; যা দেশটির নির্বাচনী রীতিবিরুদ্ধ। ব্রেক্সিট প্রশ্নে সমর্থকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে থেরেসা এমন সাহস করেছেন বলে ধারণা।
বিপরীতে গত সাত বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি ধনীদের ওপর কর বাড়িয়ে সরকারি কল্যাণ ব্যয় বাড়ানোর এক উদার ইশতেহার ঘোষণা করেছে।
জরিপের ফল প্রসঙ্গে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, তাঁদের প্রতিশ্রুতিগুলো সাড়া ফেলতে শুরু করেছে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘর থেকে বের হও, মানুষের সঙ্গে কথা বলো। তবেই চিত্র বদলে যাবে।’
প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁর দল ছয়টি আসন হারালেই করবিন জিতে যাবেন। সে ক্ষেত্রে ব্রেক্সিট সমঝোতা মারাত্মক ঝুঁকিতে পড়বে।