থ্যাচার আইআরএর অনশনকারীদের ছাড়ের প্রস্তাব দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাকামী আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) অনশনকারীদের ছাড় দেওয়ার প্রস্তাব গোপনে অনুমোদন করেছিলেন লৌহমানবী হিসেবে পরিচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ৩০ বছর পর প্রকাশিত গোপন দলিলপত্র থেকে গতকাল শুক্রবার এ তথ্য জানা যায়।উত্তর আয়ারল্যান্ডের আইআরএসহ অন্যান্য মিলিশিয়া বাহিনীর অনশনরত বন্দীদের রাজবন্দী হিসেবে স্বীকৃতির দাবির ব্যাপারে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছিলেন থ্যাচার। উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসন অবসানের লক্ষ্যে তখন সশস্ত্র আন্দোলন শুরু হয়েছিল। যুক্তরাজ্যে বেশ সমর্থন পাওয়া সত্ত্বেও থ্যাচারের অনমনীয় অবস্থান আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়।ন্যাশনাল আর্কাইভস থেকে প্রকাশিত ১৯৮১ সালের কয়েকটি নথির তথ্য অনুযায়ী, থ্যাচারের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার আইআরএ নেতৃত্বের কাছে গোপন বার্তা পাঠিয়েছিল। বন্দীরা অনশন কর্মসূচি বন্ধ করলে আইআরএর বিভিন্ন দাবির বিষয়ে ছাড় দেওয়া হবে বলে ওই বার্তায় প্রতিশ্রুতি দেওয়া হয়। তৎকালীন সরকারের মন্ত্রীরা বাইরে দৃঢ়চিত্ত থাকলেও বেশ উদ্বিগ্ন ছিলেন। ওই অনশন চলাকালে ২৭ বছর বয়সী ববি স্যান্ডসসহ তিন নেতার মৃত্যু হয়। ববি ছিলেন পার্লামেন্টের একজন নির্বাচিত সদস্য।অবশিষ্ট অনশনকারীরা ‘যুদ্ধের বন্দী’ হিসেবে স্বীকৃতির দাবি ত্যাগ করলে তাঁদের কাছে থ্যাচার একটি গোপন বার্তা পাঠান। এতে অনশন কর্মসূচি বর্জন করলে সরকার কী কী ছাড় দেবে তা বলা হয়। বার্তাটি পৌঁছে দিয়েছিলেন উত্তর আয়ারল্যান্ডের একজন ব্যবসায়ী। ছাড়-সংক্রান্ত বিভিন্ন বিষয়ের মধ্যে ছিল নির্ধারিত কারা পোশাকের পরিবর্তে বন্দীদের নিজ কাপড়চোপড় পরতে দেওয়া, বাইরের লোকদের সঙ্গে সাক্ষাতের স্বাভাবিক সুযোগ দেওয়া, পার্সেল ও চিঠিবিনিময়ের সুবিধা, কারাগারের কাজকর্মে ছাড় প্রভৃতি। এএফপি।