থ্যাচারকে গুলি করার কথা ভেবেছিলেন তিনি!
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে গুলি করে হত্যার ভাবনা মাথায় এসেছিল বিশিষ্ট লেখিকা হিলারি ম্যান্টেলের। তবে সেই ভাবনা ছিল সাময়িক খেয়াল মাত্র। লৌহমানবীকে একবার ‘নাগালের মধ্যে পেয়ে’ নাকি মনে হয়েছিল, তিনি যদি হিলারি ম্যান্টেল না হয়ে অন্য কেউ হতেন, তাহলে লাশ পড়ে যেত থ্যাচারের। খবর দি ইনডিপেন্ডেন্টের।
শনিবার গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক কথা বলেছেন দুবার বুকার পুরস্কারজয়ী হিলারি ম্যান্টেল।
সাক্ষাৎকারে ম্যান্টেল জানান, ঘটনাটি ১৯৮৩ সালে উইন্ডসরের। একদিন দেখেন, তাঁর ফ্ল্যাটের উল্টোদিকের হাসপাতালের প্রাঙ্গণেই হাঁটছেন রক্ষণশীল দলের নেতা থ্যাচার। তখনি দুজনের মধ্যে দূরত্বটা মেপে ফেলে তাঁর চোখ। আর সেটা বন্দুকের পাল্লার মধ্যেই মনে হয়েছিল তাঁর।
ক্ষণিকের ওই ভাবনাকে গল্পে রূপ দিয়েছেন হিলারি ম্যান্টেল। গল্পের নাম ‘হিলারি ম্যান্টেল: দি অ্যাসাসিনেশন অব মার্গারেট থ্যাচার- অগাস্ট সিক্সথ ১৯৮৩’। গত ১১ বছরের মধ্যে তাঁর লেখা প্রথম গল্পগ্রন্থে স্থান পেয়েছে এটি। সেই দিনটি থেকে পাক্কা ৩০ বছর ধরেই নাকি গল্পটি নিয়ে কাজ করছিলেন লেখিকা। শনিবার এটি ছেপেছে গার্ডিয়ান । গল্পে এক ধনবতী নারী থ্যাচারকে হত্যা করতে চাওয়া এক ঘাতককে তাঁর ফ্ল্যাটে ঢোকার সুযোগ দেন।
গার্ডিয়ান জানিয়েছে, তাদের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাফ পত্রিকা মোটা অঙ্কের টাকার চুক্তি করেও গল্পটির নির্বাচিত অংশ ছাপার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করে। কারণ, তারা রক্ষণশীল দলের সমর্থক পাঠকদের আহত করতে চায়নি। তবে টেলিগ্রাফ-এর ভাষ্য অন্য রকম। তাদের কথায়, ‘প্রতিবেদন বা ফিচার প্রায়ই বাতিল হয়। একেই বলে সম্পাদনা। সম্পাদকরা পুরো গল্পটা পড়ার পর এ সিদ্ধান্তে আসেন যে, টেলিগ্রাফের পাঠকরা এটা খুব ভালোভাবে নেবেন না।’
সাক্ষাৎকারে লেখিকা দাবি করেন, এই গল্প লিখে থ্যাচারের সাম্প্রতিক মৃত্যুর ব্যাপারটা ভাঙিয়ে খেতে চাননি তিনি। তিনি বলেছেন, ‘সম্মানের বিষয়টি আমার কাছে উদ্বেগের। রুচি নিয়ে ততটা ভাবিত নই। ...থ্যাচার জীবিত থাকতেই আমি সানন্দে শেষ করতাম গল্পটা। কিন্তু পারিনি। তবে এটা খুঁটিনাটির সমস্যা, শালীনতা বা শিষ্টতার বিবেচনার নয়।’
বিশিষ্ট লোকদের নিয়ে আলোচনার ঝড় তোলা হিলারি ম্যান্টেলের জন্য নতুন কিছু নয়। গত বছরই তিনি ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন সম্পর্কে বলেছিলেন, নিজস্ব ব্যক্তিত্ববর্জিত এক ম্যানিকিন (পোশাকের দোকানে সাজিয়ে রাখা মডেল) সে, যার একমাত্র কাজ রাজপরিবারের উত্তরাধিকারীর জন্ম দেওয়া। তাঁর ভাষায়, কেট নীরস, ছাঁচে ফেলে কলে তৈরি এক রাজকন্যা।
পরে এ নিয়ে সমালোচনা হলেও বক্তব্য প্রত্যাহার বা দুঃখ প্রকাশ করতে রাজি হননি লেখিকা। বরং দাবি করেছিলেন, তাঁর কথার অর্থ করা হয়েছে প্রেক্ষাপট বিবেচনা না করে।
নতুন গল্পটির বর্ণনাভঙ্গী বিষণ্নতায় মাখা হলেও ব্যক্তি মার্গারেট থ্যাচারকে চমকপ্রদ ও নাটকীয় উপাদানে ভরপুর বলেই বর্ণনা করেছেন ম্যান্টেল। তবে সোজাসাপ্টা এ-ও বলেছেন, থ্যাচার যুগের সমর্থক নন তিনি। বরং রক্ষণশীল দলের এ নেত্রীর কথা ভাবলে প্রচণ্ড বিতৃষ্ণাই সঞ্চারিত হয় তাঁর মধ্যে। থ্যাচার জাতীয় জীবনের অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি ক্ষতি করেছেন বলে তাঁর অভিযোগ।