থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়ার মহড়া অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ব্যারোনেস মার্গারেট থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়ার শোক মিছিলের একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীর ৭০০ জন সদস্য গতকাল সোমবার ভোরের আগে মধ্য লন্ডনে আয়োজিত ওই মহড়ায় অংশ নেন। কাল বুধবার মূল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানস্থল লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে সেন্ট পল ক্যাথেড্রাল পর্যন্ত শোক মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সামরিক বাহিনীর সদস্যরা। একটি কামানবাহী শকটে করে ওই পথে থ্যাচারের মরদেহ বহন করা হবে। শকটটি চালাবেন রাজকীয় অশ্ববাহিনীর সেনারা (গোলন্দাজ)। গতকালের মহড়ায় তাঁরাও অংশ নেন। ওই অনুষ্ঠানের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর অ্যান্ড্রু চ্যাটবার্ন বলেন, মহড়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আর এই মহড়া বুধবারের মূল অনুষ্ঠানের জন্য অতি গুরুত্বপূর্ণ। মহড়ায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। উল্লেখ্য, মেজর চ্যাটবার্ন দুই বছর আগের রাজকীয় বিয়ে এবং গত বছর ৬০ বছর পূর্তি উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। এদিকে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, তারা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিবিসি।