থ্যাচারের মৃত্যুতে উল্লাস করায় বিতর্ক
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট ব্যারোনেস থ্যাচারের মৃত্যুতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অনেকে আনন্দ-উৎসব করায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে।এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, লৌহমানবী থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। এ ছাড়া গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্ট এক বিশেষ অধিবেশনে তাঁর স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। ইস্টার উৎসবের জন্য পার্লামেন্ট আগামী সপ্তাহ পর্যন্ত অবকাশে থাকলেও তা ভেঙে এই বিশেষ অধিবেশন ডাকা হয়।থ্যাচারের মৃত্যুতে সবচেয়ে বড় উৎসবটি হয়েছে লন্ডনের ব্রিক্সটন এলাকায়। সেখানে কয়েক শ নারী-পুরুষ রাস্তায় নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। একই ধরনের উৎসব হয়েছে স্কটল্যান্ডের শিল্প শহর গ্লাসগোর নগর ভবনের সামনে। পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল শহরে প্রায় ২০০ মানুষের উৎসবে হঠাৎ বিশৃঙ্খলা দেখা দিলে সেখানে সাতজন পুলিশ আহত হন। উত্তর আয়ারল্যান্ডের লন্ডন ডেরি এবং বেলফাস্টের পশ্চিম অংশেও এ ধরনের একাধিক স্ট্রিট-পার্টি হয়। থ্যাচারের শাসনামলে অর্থনৈতিক সংস্কারের কারণে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন শহরে চরম বেকারত্ব, দারিদ্র্য ও মন্দা দেখা দেয়। আর উত্তর আয়ারল্যান্ডের রিপাবলিকান আর্মির বিরুদ্ধে থ্যাচারের কঠোর মনোভাবের কারণে সেখানেও ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। থ্যাচারের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে যুক্তরাজ্যের শিল্প ও সেবা খাতের বড় বড় প্রতিষ্ঠানের বেসরকারীকরণ এবং কয়লাখনি বন্ধ করে দেওয়ার পরিণতিতে হাজার হাজার কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েন। সামাজিক অস্থিরতার কারণে ব্রিক্সটনের মতো এলাকায় একাধিকবার দাঙ্গাও হয়। তবে কারও মৃত্যুতে উল্লাস প্রকাশ কোনোভাবেই শোভনীয় হতে পারে না উল্লেখ করে রাজনীতিকদের অনেকেই এসব স্ট্রিট-পার্টির সমালোচনা করেছেন। আইএরএর সাবেক যোদ্ধা মার্টিন ম্যাকগিনিস এক বিবৃতিতে থ্যাচারের মৃত্যুতে উল্লাস প্রকাশ না করার জন্য তাঁর অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।রেসপেক্ট দলের এমপি জর্জ গ্যালাওয়ে এবং কমেডিয়ান মার্ক স্টিল গায়ক এলভিস কস্টোলোর একটি গানের লাইন টুইটারে তুলে দেন। এই গানের কথাগুলোতে এমন একটি দিনের কথা বলা হয়েছে, যেদিন থ্যাচারের কবরের পাশে দাঁড়িয়ে তিনি হাসবেন এবং ধুলা ছড়াবেন। ডেইলি টেলিগ্রাফ পত্রিকার টোনি গ্যালাহার টুইট করে জানান যে তাঁরা অনলাইনে থ্যাচারবিষয়ক সব প্রতিবেদনে মন্তব্য প্রকাশের ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। তবে রাজনীতিকদের অধিকাংশই এ ক্ষেত্রে সংযত আচরণ করছেন। বিশেষ করে থ্যাচারের আমলে বিরোধী দল লেবারের যেসব নেতা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছিলেন তাঁরা।ব্রিটিশ সমাজে মার্গারেট থ্যাচারের অনুসৃত নীতিমালা যে একটা বড় ধরনের বিভক্তি সৃষ্টি করেছিল, সে কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনও স্বীকার করে নিয়ে বলেছেন, ওই বিভক্তির বাস্তবতা সত্ত্বেও তিনি ছিলেন একজন বড়মাপের মানুষ।