থ্যাচারের রাজস্ব নীতি থেকে অনেক দূরে ইউরোপ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুসংবাদ গত সোমবার যখন প্রচারিত হয়, তখন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্যস্ত ছিলেন ইউরোপ মহাদেশকে থ্যাচারের রক্ষণশীল ধারার চিন্তার আওতায় নিয়ে আসার চেষ্টায়। বিভিন্ন বাধা সত্ত্বেও যুক্তরাজ্য ও ইউরোপের সম্পর্কের ক্ষেত্রে ক্যামেরনের রক্ষণশীল নেতৃত্ব এখনো থ্যাচারের আদর্শই বহাল রেখেছে।বেসরকারীকরণ ও অপ্রতিবিধান, সম্পদের বৈধকরণ ও অর্জনসীমা শিথিলকরণ, দেশবাসীকে বাণিজ্যিক উদ্যোগে উৎসাহ প্রদান প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন উদার নীতি অবলম্বন করে যুক্তরাজ্যকে বদলে দিয়েছিলেন থ্যাচার। দেশটির অনেকেই এ কথা স্বীকার করেন। তবে থ্যাচারের মতবাদ ইউরোপে কখনোই তেমন সমর্থন পায়নি, এমনকি বর্তমানের অর্থনৈতিক মন্দা ও ইউরো জোনের সংকটকালেও। এসব সংকটের কারণে ইউরোপের অর্থনীতি এখন ১৯৭০-এর দশকে যুক্তরাজ্যের অর্থনীতির মতোই দুরবস্থায় পড়েছে। ইউরোপে শক্তিশালী ঐক্যরাষ্ট্র প্রতিষ্ঠা এবং অভিন্ন মুদ্রাব্যবস্থা প্রচলনে থ্যাচার সন্দিহান ছিলেন। তাঁর পদত্যাগের পর গত প্রায় ২৫ বছরে এসব উদ্যোগ বাস্তবায়নে অনেক সাফল্য এসেছে। তবে স্মৃতিকথায় তিনি যথার্থই ভবিষ্যদ্বাণী করেছিলেন মুদ্রাস্ফীতি নিয়ে জার্মানির ঐতিহাসিক আশঙ্কা সম্পর্কে। ওই আশঙ্কা থেকেই ধীর-প্রবৃদ্ধি নীতি গৃহীত হয় এবং পরিণামে ইউরো জোনের অর্থনীতি তুলনামূলক দুর্বল ও অদক্ষ হিসেবে সংকটে পড়ে। ফলে নিজ সংকট নিরসনে অপ্রতিবিধানের ওপর তারা আর নির্ভর করতে পারেনি। থ্যাচার যুক্তরাজ্যকে ১৯৮০-এর দশকের জন্য কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। এসবের মধ্যে ছিল বাজারের শক্তি, দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য স্বল্পমেয়াদি ব্যয় সংকোচন এবং রাজস্ব, সামাজিক ব্যয় নির্বাহের লক্ষ্যে সংশয়বাদ প্রভৃতি। জার্মানিসহ ইউরোপীয় অর্থনীতির নিয়ন্ত্রক দেশগুলো ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর জন্য এখনো ঠিক সে রকম নীতিই অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। তবে অর্থনীতিবিদদের অনেকে এ ধরনের নীতিকে ভুল মনে করেন এবং সংশ্লিষ্ট দু-একটি দেশ ওই নীতি অবলম্বন করে খুব যে লাভবান হয়েছে, সেটা বলার অবকাশ নেই। যুক্তরাজ্যকে থ্যাচার সঠিকভাবে মূল্যায়ন করতে পারলেও তাঁর উত্তরসূরিরা ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কখনো গড়তে পারেননি। তবু তিনি ব্রিটিশ রক্ষণশীলতার আদর্শ হয়েই রয়ে গেছেন। থ্যাচার বিশ্বাস করতেন, মুক্তবাজার ও পুঁজিবাদের বিকাশের মাধ্যমে উন্নয়ন সম্ভব। সমাজতান্ত্রিক পুনর্বিভাজনের মাধ্যমে কখনোই তা সম্ভব নয়। ‘লৌহমানবী’ থ্যাচারের মৃত্যুর পরপরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, তিনি (থ্যাচার) কেবল ব্রিটেনকে নেতৃত্বই দেননি, সংকট থেকেও রক্ষা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে বিভক্তি, স্বার্থপরতা, অনটন ও তিক্ততা ছিল সাম্প্রতিক ইতিহাসের অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। সেই পরিস্থিতিতে দেশকে সঠিক নেতৃত্ব দিতে সমর্থ হওয়ায় থ্যাচার সব মেরুর নেতাদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া সেটাই প্রমাণ করে।