দ. আফ্রিকাজুড়ে ম্যান্ডেলার সুস্থতা কামনায় প্রার্থনা
প্রিয় নেতা নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনায় গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকাবাসী বিভিন্ন প্রার্থনায় অংশ নিয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে আছেন।বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতার অসুস্থতার খবরটি বর্তমানে দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র, গির্জার কার্যক্রম, সামাজিক গণমাধ্যম ও মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।ওই আন্দোলনের অন্যতম কেন্দ্র সোয়েটো এলাকার রেগিনা মুনডি ক্যাথলিক চার্চ রোববার বিশেষ প্রার্থনার আয়োজন করে। স্থানটিতে সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার একটি বাড়ি রয়েছে। দেশটির বিরোধীদলীয় নেতা-কর্মীরাও সমভাবে প্রার্থনায় যোগ দিয়েছেন।এদিকে ম্যান্ডেলা এখন অনেকটা সুস্থ আছেন বলে জানা গেছে। ‘বার্ধক্যজনিত’ শারীরিক জটিলতা নিয়ে রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গত শনিবার তিনি ভর্তি হন।বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা রোববার ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে যান। জ্যাকব জুমা বলেন, ‘গত এক রাতের বিশ্রামের পর ম্যান্ডেলা অনেকটা সুস্থ আছেন।’ প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মাহারাজ বলেন, ৯৪ বছর বয়সী ম্যান্ডেলার অবস্থা এখন ‘আশঙ্কামুক্ত’। ইতিমধ্যে দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এএফপি।