দ. আফ্রিকায় গাদ্দাফির আট হাজার কোটি টাকার সম্পদ!
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দক্ষিণ আফ্রিকায় ১০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকা) মূল্যের সম্পদ রয়েছে। দক্ষিণ আফ্রিকার তদন্ত কর্মকর্তারা এ দাবি করেছেন বলে গতকাল রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।
খবরে বলা হয়, গাদ্দাফির এসব সম্পদের মধ্যে হীরা, সোনা ও নগদ অর্থ ফেরত পাঠাতে লিবিয়া বারবার দক্ষিণ আফ্রিকার কাছে অনুরোধ জানিয়েছে।
লিবিয়ার তদন্ত কর্মকর্তারা দাবি করছেন, দক্ষিণ আফ্রিকার চারটি ব্যাংক ও নিরাপত্তা প্রতিষ্ঠানে গাদ্দাফির এই সম্পদ রয়েছে। কিছু কর্মকর্তার মতে, বিদেশে থাকা গাদ্দাফির মোট সম্পত্তির পরিমাণ আট হাজার কোটি ডলারের মতো।
২০১১ সালের অক্টোবরে লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে পড়লে নিজের জন্মশহর সিরতে পালিয়ে যাওয়ার পথে মুয়াম্মার গাদ্দাফিকে ধরে হত্যা করা হয়।
লিবিয়ার বেশির ভাগ মানুষ মনে করে, গাদ্দাফি বা তাঁর পরিবারের জিম্মায় থাকা সম্পদ রাষ্ট্রের। এ কারণে তারা এসব সম্পত্তি দেশে ফিরিয়ে আনার পক্ষে।
দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী প্রাভিন গর্ধানের বরাত দিয়ে ‘সানডে টাইমস’ পত্রিকার খবরে বলা হয়, ‘একটি গোষ্ঠী দাবি করে আসছে, দক্ষিণ আফ্রিকায় গাদ্দাফির অনেক সম্পদ আছে। আমরা এ ব্যাপারে তদন্ত করছি।’
দক্ষিণ আফ্রিকায় থাকা লিবীয় দূতাবাসের কর্মকর্তা সালেহ মারঘানি জানান, তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। লিবিয়ার জনগণের পক্ষে সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
লিবিয়ার বিচার ও অর্থমন্ত্রী দক্ষিণ আফ্রিকার বিচার ও অর্থমন্ত্রীদের কাছে গাদ্দাফির সম্পত্তির সন্ধানের ব্যাপারে সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, এসব সম্পত্তি অবৈধভাবে, অন্যের কাছ থেকে নিয়ে, লুট করে, জমা রেখে বা গোপনে পাচার করা হয়েছে।