দ. আফ্রিকায় শ্রমিক বরখাস্তের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় ১২ হাজার খনিশ্রমিককে বরখাস্তের প্রতিবাদে গতকাল শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বিশ্বে প্লাটিনাম উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান অ্যাংলো আমেরিকান প্লাটিনাম (অ্যামপ্ল্যাটস) গত শুক্রবার ওই বিপুলসংখ্যক শ্রমিককে বরখাস্ত করে।গতকাল রাস্টেনবার্গ শহরে শত শত শ্রমিক চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। অ্যামপ্ল্যাটস জানায়, খনিশ্রমিকেরা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাসংক্রান্ত শুনানিতে অনুপস্থিত ছিলেন। তাই তাঁদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া খনিশ্রমিকেরাসহ ২৮ হাজার শ্রমিক বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তিন সপ্তাহ ধরে অনানুষ্ঠানিক ধর্মঘট পালন করছেন। রাস্টেনবার্গে শ্রমিক আন্দোলনের ফলে প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি ২০ লাখ মার্কিন ডলার। শ্রমিকদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) দিয়ে বরখাস্তের নির্দেশ জানিয়ে দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে বেশির ভাগ শ্রমিক তাঁদের আন্দোলন অব্যাহত রাখতে চান। খনিশ্রমিকদের কেন্দ্রীয় সংগঠনের মুখপাত্র লেসিবা সেশোকা বলেন, শ্রমিকেরা কোনো চুক্তি সই করেননি। তাঁরা আবার কাজে ফিরে যাবেন।এদিকে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। এ ছাড়া মারিকানা খনি এলাকায় একজন শ্রমিকনেতাও গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ করা হয়। পুলিশের একটি স্বাধীন পর্যবেক্ষক দল ঘটনাটি তদন্ত করছে। পুলিশের মুখপাত্র এমেলদা সেতলাকো বলেন, পুলিশের অভিযানের পরই বিক্ষোভের সূচনা হয়। শ্রমিকেরা পুলিশের ওপর পাথর ছুড়তে শুরু করলে জবাবে পুলিশ গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।তিন সপ্তাহব্যাপী শ্রমিক আন্দোলনের ফলে দেশটির খনিশিল্প বড় ধরনের হুমকির মুখে পড়েছে। শ্রমিক-পুলিশ সংঘর্ষে গত আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৫০ জন নিহত হয়েছে। গত ১৬ আগস্ট এক দিনেই পুলিশের গুলিতে ৩৪ জন শ্রমিক নিহত হন। এ ছাড়া গোল্ডফিল্ড নামের অপর একটি খনিতে শ্রমিকদের পৃথক আন্দোলন শুরু হয়েছে। সেখানে পাঁচ হাজার শ্রমিককে গত মঙ্গলবার তাঁদের আবাসস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশটিতে প্রায় এক লাখ খনিশ্রমিক এখন আন্দোলনে।১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-বৈষম্যের অবসানের পর বর্তমান খনিবিদ্রোহকে সবচেয়ে বড় সামাজিক অস্থিরতা বলে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এই সংকট নিরসন করতে গিয়ে বিভিন্ন বাধার মুখোমুখি হচ্ছে। বিক্ষোভ বন্ধ করে কাজে যোগ দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি প্রেসিডেন্ট জুমা গত বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন। তবে বিক্ষোভ দমনে সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। রয়টার্স, এএফপি ও বিবিসি।