দ. আফ্রিকায় শ্রমিক হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গত সপ্তাহে লনমিন কোম্পানির মালিকানাধীন মারিকানা প্লাটিনাম খনিতে ধর্মঘটকালে ৪৪ শ্রমিক হত্যার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছেন।আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক আয়ান ফারলামের নেতৃত্বে বৃহস্পতিবার গঠিত তিন সদস্যের কমিশনের অপর দুই সদস্য হলেন সিনিয়র আইনজীবী এবং দুজনই সাবেক বিচারক। কমিশনকে পাঁচ মাসের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যেসব কোম্পানি খনিসংক্রান্ত নীতিমালা মেনে চলতে ব্যর্থ হবে, সেগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে পুলিশের হামলায় খনিশ্রমিক নিহত হওয়ায় ক্ষমা চায় দক্ষিণ আফ্রিকা সরকার।গত সপ্তায় দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্লাটিনাম খনিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অন্তত ৪৪ শ্রমিক নিহত ও ৭৮ জন আহত হন। এর আগে ওই খনি এলাকায় সহিংসতায় দুই পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছিল।সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, হাজার হাজার শ্রমিক ওই খনির কাছে বেআইনিভাবে বিক্ষোভ করছিলেন। এএফপি।