দ. কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন পার্ক জিউন হাই। শপথ-পরবর্তী প্রথম ভাষণে জাতীয় নিরাপত্তা রক্ষার কঠোর অঙ্গীকার এবং অর্থনীতি পুনরুদ্ধারের জোরালো প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রতিবেশী উত্তর কোরিয়ার উসকানিমূলক অবস্থান বরদাশত না করার অঙ্গীকার ব্যক্ত করে জিউন হাই বলেন, পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক উচ্চাভিলাষ অবিলম্বে ত্যাগ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিতে হবে। প্রেসিডেন্টের কার্যালয়ে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও শক্তিশালী সরকার গঠনের প্রতিশ্রুতি দেন নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় গতানুগতিক অর্থনীতির পরিবর্তে একটি সৃজনশীল অর্থনীতি প্রতিষ্ঠার পাশাপাশি দেশে ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ণ’ হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী ৬১ বছর বয়সী পার্ক গিউন হের জন্য মন্থর প্রবৃদ্ধি ও বয়স্কদের কল্যাণে বিপুল অর্থ ব্যয়ের মতো কঠিন সমস্যাগুলো অতিক্রম করতে হবে। দেশটিতে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বে সর্বোচ্চ। শপথের পর প্রথম ভাষণে তিনি দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আয়-ব্যয়ের ব্যবধান নিয়ে উদ্বেগ প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দেন। এএফপি ও বিবিসি।