দ. কোরিয়ার পার্লামেন্টে হাতাহাতি, এক এমপি আহত
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে গত বুধবার আবারও হট্টগোল ও হাতাহাতি হয়েছে। আগামী বছরের বাজেট নিয়ে মতবিরোধের জের ধরে ক্ষমতাসীন দল গ্র্যান্ড ন্যাশনাল পার্টি ও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সাংসদদের মধ্যে এ হাতাহাতি হয়। এ সময় ক্ষমতাসীন দলের একজন এমপি আহত হন। গতকাল বৃহস্পতিবার ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার রাতে বাজেট নিয়ে মতবিরোধের জেরে একই ঘটনা ঘটে।খবরে বলা হয়, আগের রাতের হাতাহাতির জেরে বুধবার পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে ডেমোক্রেটিক পার্টির প্রায় ৪০০ জন আইনপ্রণেতা ক্ষমতাসীন দলের সাংসদদের কংগ্রেসের প্রধান কক্ষে প্রবেশে বাধা দেন। গ্র্যান্ড ন্যাশনাল পার্টির সাংসদেরা যাতে প্রবেশ না করতে পারেন, এ জন্য তাঁরা দরজার সামনে চেয়ার ও টেবিল রাখেন। বাধা পেয়ে সরকারি দলের সাংসদেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পার্লামেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অরেঞ্জ ও ডেইলি টাইমস অনলাইন।