উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘর্ষ এড়াতে ২০০৪ সালে স্বাক্ষরিত দুই দেশের শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর কাছে পাঠানো এক বার্তায় পীতসাগরের সীমা লঙ্ঘন না করতে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী গতকাল এক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দাবিতে সিউলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সমর্থন দেওয়ার আগে যুদ্ধজাহাজডুবির ঘটনায় দেশটির জড়িত থাকার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে রাশিয়া। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বলছে, দুর্ঘটনাবশত কোনো সংঘর্ষ এড়াতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করা হয়েছে। দেশটির জেনারেল চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই এটা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পীতসাগরের সীমা লঙ্ঘন করলে দক্ষিণ কোরিয়ার ওপর হামলা চালানো হবে। তিনি জানান, কায়েসংয়ে যৌথ মালিকানায় শিল্পায়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথাও বিবেচনা করছে উত্তর কোরিয়া।১৯৯৯, ২০০২ ও গত নভেম্বর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ধারণা, ওই ঘটনার প্রতিশোধ নিতেই ২৬ মার্চ টর্পেডো দিয়ে পীতসাগরে তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় উত্তর কোরিয়া। এতে ৪৬ জনের মৃত্যু হয়। গত সপ্তাহে পাঁচ জাতির সমন্বয়ে গঠিত একটি তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতেই যুদ্ধজাহাজডুবির ঘটনা ঘটে। উত্তর কোরিয়া অবশ্য বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ১০টি যুদ্ধজাহাজ, তিন হাজার টনের একটি ডেস্ট্রয়ার ও তিনটি টহল বোট নিয়ে গতকাল সামরিক মহড়ায় অংশ নেয় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ মহড়ার ব্যাপারে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী সূত্র জানায়, ডুবোজাহাজ ধ্বংসসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে।উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সিউলে সিটি হলের সামনে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভকারীরা ‘পাগলা কুকুর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জংকে হত্যা করো’, ‘প্রতিশোধ চাই’ ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড, ফেস্টুনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় তারা উত্তর কোরিয়ার একটি বড় পতাকা পোড়ায়। যুদ্ধ জাহাজডুবির বিষয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলায় দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের রাজনীতিকদের শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল বলেন, ‘দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত—এ ব্যাপারে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমরা সমর্থন করতে পারি না।’ তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা ওই ঘটনার তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এর পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ এএফপি, আল-জাজিরা।