এক কিশোরীকে ধর্ষণের দায়ে গতকাল মঙ্গলবার এক মার্কিন সেনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। এ ঘটনায় ঊর্ধ্বতন একজন মার্কিন কূটনৈতিক কোরীয়বাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা এ কথা জানায়।দেশটির উইজিয়ংবুর আদালতের রায়ে বলা হয়, ২১ বছরের ওই মার্কিন সেনা উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন দংদুচেওন শহরে ১৮ বছরের এক কিশোরীকে একটি ঘরে দীর্ঘক্ষণ আটকে রেখে ধর্ষণ করেন। এ সময় মেয়েটিকে তিনি কাঁচি দিয়ে ভয় দেখান। পরে ওই সেনা মেয়েটির কাছে থাকা পাঁচ হাজার ওন (দক্ষিণ কোরীয় মুদ্রা) কেড়ে নিয়ে পালিয়ে যান।উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ২৮ হাজার সেনা মোতায়েন রয়েছে। সীমান্তসংলগ্ন দংদুচেওন এলাকায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পদাতিক ডিভিশনের ঘাঁটি অবস্থিত।ধর্ষণের ঘটনাটির পর গত মাসে সিউল সফরের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল কোরীয় জনগণের কাছে এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। মার্কিন সেনাবাহিনীও ক্ষমাপ্রার্থনাসহ দেশটিতে গভীর রাতে মার্কিন সেনাদের চলাচলের ওপর মাসব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে। এএফপি।