দ. সুদান সরকারকে উৎখাতের হুমকি বশিরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দক্ষিণ সুদানে ‘কীট সরকার’ ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তা উৎখাতের হুমকি দিয়েছেন। দক্ষিণ সুদানের সেনারা সুদানের একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র দখলের পর বিশ্বের শক্তিধর দেশগুলো যখন প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষকে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে তিনি এ হুমকি দিলেন। বশির বলেন, ‘আমাদের মতে, দক্ষিণ সুদানে কীট সরকার বিরাজমান। ওই সরকার সুদানকে ধ্বংস করার চেষ্টা করছে। আজ থেকে আমাদের মূল লক্ষ্য হলো, ওই কীট সরকারকে চিরতরে নির্মূল করা।’ বশির গত বুধবার এক সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় তিনি সেনাবেষ্টিত ছিলেন। তিনি সুদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র হেগলিগের মালিকানা ফের দাবি করবেন বলে ধারণা করা হচ্ছে। আট দিন আগে দক্ষিণ সুদানের সেনারা এ তেলক্ষেত্রটি দখল করে নেয়। এএফপি।