দ. সুদানে অভ্যুত্থান চেষ্টায় ৬০ সেনা নিহত

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় দুদিন ধরে চলা সংঘর্ষে অন্তত ৬০ সেনা প্রাণ হারিয়েছে। সামরিক হাসপাতালের চিকিত্সকদের বরাত দিয়ে বিবিসি আজ মঙ্গলবার জানায়, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও আজ নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
আতঙ্কে দেশটির হাজার হাজার মানুষ রাজধানীতে জাতিসংঘের দুটি কার্যালয়ে আশ্রয় নিয়েছে। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির গতকাল সোমবার অভ্যুত্থানের চেষ্টার দায় চাপিয়েছেন তাঁর সাবেক সহকারী রিক মাচারের অনুগত সেনাদের ওপর। রিক মাচার গত জুলাই মাসে পদচ্যুত হন।
সালভা কির বলেন, রোববার রাতে তাঁর দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) একটি বৈঠকে সেনা পোশাকের লোকেরা প্রকাশ্য গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। আজ জুবায় প্রেসিডেন্টের বাসভবন ও অন্যান্য এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এক সামরিক হাসপাতালের চিকিত্সক আজাক বুলেন বলেন, সংঘর্ষে কমপক্ষে ৬৬ জন সেনা নিহত হয়। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা সাতজন সেনাকে হারিয়েছি, যারা প্রাথমিক চিকিত্সার জন্য অপেক্ষা করছিল। বাকি ৫৯ জন বিভিন্ন স্থানে নিহত হয়েছে।’
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কিছু কিছু স্থানে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে সাবেক চার মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।