দ. সুদানে অস্ত্রবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানে সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছে। দেশটির সেনাবাহিনী গতকাল শনিবার এ খবর দিয়েছে। অবশ্য অস্ত্রবিরতি কার্যকরের আগে এবং পরে সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পূর্বঘোষিত সমঝোতা অনুযায়ী, গ্রিনিচ মান সময় শুক্রবার বেলা সাড়ে পাঁচটা থেকে এ অস্ত্রবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, নির্ধারিত সময়সীমার আগে এবং পরে বিভিন্ন স্থানে ‘বিক্ষিপ্ত সংঘর্ষ’ হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন।
সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছে সরকার ও বিদ্রোহীরা।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বিদ্রোহীদের প্রতিনিধিদলের মধ্যে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়। কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে দেশটিতে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এএফপি।