দ. সুদানে সহিংসতায় তিন সহস্রাধিক নিহত
দক্ষিণ সুদানে গত সপ্তাহের জাতিগত সহিংসতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। স্থানীয় সরকারের শীর্ষ কর্মকর্তা গতকাল শুক্রবার এ তথ্য জানান।জংলেই রাজ্যের পিবর কাউন্টির কমিশনার জোশুয়া কোনি বলেন, সেখানে গণহারে মানুষ হত্যা করা হয়। সহিংসতায় দুই হাজার ১৮২ জন নারী ও শিশু এবং ৯৫৯ জন পুরুষ নিহত হয়েছে। সহস্রাধিক শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া লউ নুয়ের সম্প্রদায়ের বন্দুকধারীরা প্রতিপক্ষের ১০ হাজার গরু নিয়ে গেছে।তবে নিহত ব্যক্তির এই সংখ্যা এখনো নিশ্চিত করেনি জাতিসংঘ ও দক্ষিণ সুদানের সেনাবাহিনী। দেশটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি।লউ নুয়ের সম্প্রদায়ের প্রায় ছয় হাজার তরুণ যোদ্ধা গত সপ্তাহে পিবর কাউন্টির প্রত্যন্ত এলাকায় বসবাসরত মার্লে সম্প্রদায়ের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের গবাদিপশু লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এএফপি।