দ. সুদানে শান্তিরক্ষী বাড়াচ্ছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবার আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের শরণার্থীশিবিরে সুদানের বাস্তুহারা নারী ও শিশুরা ছবি: রয়টার্স
জুবার আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের শরণার্থীশিবিরে সুদানের বাস্তুহারা নারী ও শিশুরা ছবি: রয়টার্স

দক্ষিণ সুদানে এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় হাজারো মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে শান্তিরক্ষী বাড়াচ্ছে জাতিসংঘ।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাড়ানোর পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। দেশটিতে সেনাসংখ্যা সাত হাজার থেকে ১২ হাজার ৫০০ ও পুলিশের সংখ্যা ৯০০ থেকে বাড়িয়ে এক হাজার ৩২৩ করার অনুমোদন দিয়েছে ১৫ সদস্যের পরিষদ।
এদিকে উত্তরাঞ্চলীয় ইউনিটি রাজ্যের বেনতিউয়ে অবস্থানরত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক শীর্ষ সমন্বয়কারী তবি লানজের গতকাল বলেছেন, ‘এটা দক্ষিণ সুদানের জন্য এক ধ্বংসাত্মক সপ্তাহ। সেখানে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।’
সহিংসতায় নিহতের সংখ্যা সরকারিভাবে ৫০০ বলা হচ্ছে। তবে এই সংখ্যা হাজারো বলে অনেকেই মনে করছেন। এ ছাড়া অন্তত ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সপ্তাহ খানেক আগে থেকে দক্ষিণ সুদানে সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট সালভা কির ও দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থকদের মধ্যে ক্ষমতা দখল করা নিয়ে গৃহযুদ্ধ চলছে। দিনকা জনগোষ্ঠীর সালভা কির ও নুয়ের জনগোষ্ঠীর রিক মাচারের বিরোধে তাঁদের নিজ নিজ গোষ্ঠী জড়িয়ে পড়েছে এবং কার্যত দেশটিতে এখন জাতিগত হত্যাযজ্ঞ শুরু হয়েছে।
প্রেসিডেন্ট কির অভিযোগ করেছেন, তাঁকে উত্খাতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছেন তাঁর সাবেক ডেপুটি প্রেসিডেন্ট রিক মাচার। গত জুলাইয়ে তাঁকে সরকার থেকে বাদ দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট কিরের অভিযোগ অস্বীকার করেন রিক মাচার।