দক্ষিণ আফ্রিকার মর্যাদা ফিরিয়ে আনুন: টুটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদ সরকারের পতনের পর যে চেতনা ধারণ করে দক্ষিণ আফ্রিকা মর্যাদাকর রাষ্ট্রে পরিণত হয়েছিল, তা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু (৮১)। তিনি বলেছেন, বিশ্ববাসী দক্ষিণ আফ্রিকানদের ভালো মানুষ হিসেবেই জানে।গতকাল বৃহস্পতিবার কেপটাউনে টেম্পলটন প্রাইজের (১৭ লাখ মার্কিন ডলার) অর্থ গ্রহণের সময় এ কথা বলেন কেপটাউনের সাবেক এই আর্চবিশপ। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরবর্তী সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই সময়টায় এখন আর নেই। আমরা যে চেতনার কারণে ওই মর্যাদা অর্জন করেছিলাম, তা ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি।’দক্ষিণ আফ্রিকার বর্তমান রাজনীতি নিয়ে সরাসরি সমালোচনা করেছেন টুটু। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একসময়ের ‘গণতান্ত্রিক সুবাস’ দক্ষিণ আফ্রিকা আজ বিশ্বের সবচেয়ে সহিংসপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রে দেখা দিয়েছে চরম বৈষম্য। তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ডে যখন স্বাধীনতা আসে, বিশ্ব তখন চমকে গিয়েছিল। আমরা প্রার্থনা করছি, দক্ষিণ আফ্রিকা যেন তার নিজের জায়গায় ফিরে আসে। আমরা যেন প্রতিটি মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে পারি।’পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সে সম্পর্কে কিছু বলেননি টুটু। এএফপি।