দক্ষিণ আফ্রিকায় খনিশ্রমিক হত্যার ঘটনায় তদন্ত শুরু
দক্ষিণ আফ্রিকার মারিকানা এলাকায় গত আগস্টে পুলিশের গুলিতে প্রায় অর্ধশত খনিশ্রমিক নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিচারিক তদন্ত কমিশন গতকাল সোমবার লোনমিন কারখানার অদূরে রাসটেনবার্গ সিভিক সেন্টারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক ইয়ান ফারলামের নেতৃত্বে এ কমিশনের যাত্রা শুরু হলো। শুরুতে নিহত শ্রমিকদের নামের তালিকা পড়া ও তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ফারলাম বলেন, আগস্টে বিক্ষোভ চলাকালে সত্যি কী ঘটেছিল, তা বের করে আনা খুবই জরুরি। যত দূর সম্ভব সত্য অনুসন্ধানের চেষ্টা করবে কমিশন।মজুরি বাড়ানোর দাবিতে গত ১০ আগস্ট ৩৪টি খনির হাজারো শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরে তা সহিংস রূপ নেয়। এ সময় সংঘর্ষে দুজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪৬ জন নিহত হন। সবচেয়ে বেশিসংখ্যক শ্রমিক নিহত হন ১৬ আগস্ট। এএফপি।