দক্ষিণ আফ্রিকায় নতুন দলের যাত্রা শুরু
দক্ষিণ আফ্রিকায় আগাং নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এটি দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন এএনসিকে মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক দলটি দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি ও নেতাদের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে গতকাল শনিবার থেকে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। আগাংয়ের নেতৃত্বে রয়েছেন বিশ্বব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামফেলা রামফেলে। দক্ষিণ আফ্রিকার নাগরিকদের একটি ‘গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়াতে উদ্দীপ্ত করাই’ আগাংয়ের লক্ষ্য বলে রামফেলে জানিয়েছেন।স্থানীয় সেপেদি ভাষায় আগাং শব্দের অর্থ নির্মাণ করা। আগাং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়তে পারে বলে জানানো হয়েছে। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) সঙ্গে এ নিয়ে তাদের আলোচনা চলছে। বিবিসি।