দক্ষিণ আফ্রিকায় পুলিশ-খনি শ্রমিক সংঘর্ষ, নিহত ৩০
দক্ষিণ আফ্রিকার মারিকানা খনির শ্রমিকদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্ত্রী এ খবর জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট চলাকালে গত বৃহস্পতিবার পুলিশ শ্রমিকদের ওপর বেপরোয়া গুলি চালায়। এ সময় শ্রমিকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধর্মঘট পালন করছিলেন।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘এ ধরনের অর্থহীন সহিংসতায় আমি মর্মাহত ও হতাশ। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে আমি শ্রমিক ও ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’জোহানেসবার্গ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মারিকানায় ধর্মঘটে অংশ নিতে কয়েক হাজার খনিশ্রমিক জড়ো হলে তাঁদের দমনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ কাঁটাতার দিয়ে ওই এলাকা ঘিরে ফেলে।পুলিশ দাবি করছে, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শ্রমিকেরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে তাঁদের ওপর গুলি চালানো হয়। দক্ষিণ আফ্রিকার সংবাদ সংস্থা সাপা একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে।লনমিন কোম্পানির মালিকানাধীন ওই প্লাটিনাম খনিতে মজুরি বৃদ্ধি নিয়ে সম্প্রতি সংকট তৈরি হয়। সেই সংকটই গত বৃহস্পতিবার সহিংসতায় রূপ নেয়। প্রতিদ্বন্দ্বী দুটি ট্রেড ইউনিয়নের মধ্যকার উত্তেজনায় এই বিরোধ আরও তুঙ্গে ওঠে। এর পরই হইচই শোনা যায়। তারপর প্রায় দুই মিনিট ধরে গুলির শব্দ শোনা যায়।শ্রমিকদের মাসিক বেতন বাড়ানোর দাবিতে ১০ আগস্ট ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলাকালে সহিংসতায় বৃহস্পতিবারের আগে আরও ১০ জন নিহত হয়েছে। সর্বশেষ সহিংসতার ঘটনায় ৩০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশমন্ত্রী নাথি এমথেথওয়া বলেন, ‘এতে অনেকে আহত হয়েছে এবং এই সংখ্যা বাড়ছেই।’দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসানের পর এই সহিংসতাকে পুলিশের অন্যতম রক্তক্ষয়ী দমনাভিযান হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যম এটিকে ‘মারিকানা গণহত্যা’ বলে উল্লেখ করেছে।পুলিশ মন্ত্রণালয়ের মুখপাত্র জিওয়েলি নিসি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। বিবিসি ও এএফপি।