দক্ষিণ আফ্রিকায় বিশাল জয় পাচ্ছে এএনসি
দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি৷ তবে ৯৫ শতাংশ ভোট গণনায় দেখা 'ক্ষমতায় আসছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)৷ ক্ষমতাসীনেরা ৬২ দশমিক ৫ শতাংশ ভোট েপয়েছে৷
দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর এটাই ছিল প্রথম সাধারণ নির্বাচন৷ ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের দুর্নীতিসহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও ভোটাররা এএনসি থেকে মুখ ফিরিয়ে নেননি৷ সম্ভবত নেতাদের দুর্নীতির চেয়েও এএনসির একসময়ের প্রধান ম্যান্ডেলার প্রতি আনুগত্যই মুখ্য করে দেখেছেন ভোটাররা৷
এখন পর্যন্ত প্রাপ্ত ভোটই এএনসির জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে যথেষ্ট৷ সেটা হলে জ্যাকব জুমা টানা দুই মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে যাচ্ছেন৷ এএনসিও টানা ২০ বছর পর আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছে৷ অবশ্য, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে এখনো পিছিয়ে এএনসি৷
প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবার গতবারের তুলনায় অনেক ভালো করেছে৷ ২২ শতাংশ ভোট পেয়েছে তারা; যা গত নির্বাচনে ছিল মাত্র ১৭ শতাংশ৷ আর নবগঠিত কট্টর বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস পেয়েছে ৬ দশমিক ১ শতাংশ ভোট৷ মোট ১০ লাখের বেশি ভোট পেয়েছে জুলিয়াস মালেমার নেতৃত্বাধীন দলটি৷ এএফপি৷