দক্ষিণ আফ্রিকায় সরকারি কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
সরকার বেতন-ভাতা বাড়ানোর দাবি নাকচ করে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। চার দিনের আলাপ-আলোচনার পর মঙ্গলবার দিনের শেষ দিকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।দক্ষিণ আফ্রিকার ইউনিয়নগুলোর প্রধান জোট কোসাতুর অধিভুক্ত ইউনিয়নগুলো ৮ দশমিক ৬ শতাংশ বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। ইউনিয়নগুলো ১৩ লাখ কর্মীর প্রতিনিধিত্ব করছে। সরকার ৭ শতাংশ পর্যন্ত বেতন বাড়াতে রাজি হয়েছে। কিন্তু ইউনিয়নগুলো সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে।কর্মসূচির কারণে বিদ্যালয় ও হাসপাতালের কার্যক্রম প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি সপ্তাহের বিক্ষোভে দক্ষিণ আফ্রিকার বিদ্যালয়গুলোয় পাঠদান ব্যাহত হয়েছে। পুলিশ, শিক্ষক, চিকিৎসক ও সেবক-সেবিকারা ৮ দশমিক ৬ শতাংশ বেতন-ভাতা বাড়ানোর দাবি জানাচ্ছেন। আবাসন-ভর্তুকি বাড়ানোরও দাবি জানিয়েছেন তাঁরা।ন্যাশনাল এডুকেশন, হেলথ অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিকিলে মাজোলা বলেন, ধর্মঘট হবে অনির্দিষ্টকালের। সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। বিবিসি ও এএফপি।