দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য পাল্টা জবাবের হুমকি সত্ত্বেও গতকাল সোমবার থেকে ওই মহড়া শুরু হয়। উত্তর কোরিয়া এটিকে তার বিরুদ্ধে হামলা চালানোর একটি মহড়া হিসেবে বর্ণনা করেছে।সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক মুখপাত্র মহড়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৯ মার্চ এটি শেষ হবে। এতে দক্ষিণ কোরিয়ার দুই লাখ এবং ৮০০ বিদেশি সেনাসদস্যসহ যুক্তরাষ্ট্রের দুই হাজার ১০০ সেনাসদস্য অংশ নিয়েছেন।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, মহড়া শুরুর তারিখের বিষয়টি উত্তর কোরিয়াকে এক মাস আগেই জানানো হয়েছে। আর এই মহড়ার ধরন যে প্ররোচনামূলক নয়, সেটিও তাদের জানানো হয়েছে।গতকাল উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা মহড়াটিকে তাদের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি এক অমার্জনীয় লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। সিউল ও ওয়াশিংটনকে এ জন্য সম্ভাব্য ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করে সংস্থাটি জানায়, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার জনগণ ও সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।এর আগে গত শনিবার উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন এই মহড়ার নিন্দা জানায় এবং একে ‘যুদ্ধের নীরব ঘোষণা’ হিসেবে উল্লেখ করে বলে, ‘আমাদের সেনাবাহিনী ও জনগণ এটা নস্যাৎ করে দেবে।’১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য অবস্থান করছে। সেখানে বর্তমানে ২৮ হাজার ৫০০ মার্কিন সেনাসদস্য রয়েছেন। পিয়ংইয়ং স্বভাবতই এই মহড়ার নিন্দা জানালেও দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটন এই মহড়ার প্রকৃতি প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করেছে।গত ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর পর থেকে দেশটি পুনরায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈরী সুরে কথা বলতে শুরু করেছে। এএফপি।