দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ নৌ-মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গতকাল সোমবার থেকে তিন দিনের যৌথ নৌ-মহড়া শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক ডুবোজাহাজও অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার তৃতীয় দফায় পারমাণবিক পরীক্ষার হুমকির পরপরই এ মহড়ায় কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।উত্তর কোরিয়া এ মহড়ার নিন্দা জানিয়ে বলেছে, এটা ‘যুদ্ধংদেহী মনোভাবের পরিচয়।’সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিয়ক জানান, সে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগর পোহাংয়ের উপকূলবর্তী পূর্ব সাগরে (জাপান সাগর) এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজ ইউএসএস সান ফ্রান্সিসকো অংশ নিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানান, উত্তর কোরিয়ার তৃতীয় দফায় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণার সঙ্গে এ মহড়ার সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যৌথ নৌমহড়া পূর্বনির্ধারিত। তবে পিয়ংইয়ং এ মহড়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের উপস্থিতিকে নিজেদের জন্য হুমকি মনে করছে। তারা এ মহড়াকে যুদ্ধের ক্ষেত্রে উসকানি বলে অভিহিত করেছে।কোরিয়ার একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সমুদ্রে চলাচল প্রশিক্ষণ, ডুবোজাহাজ শনাক্তকরণ এবং গুলি চালিয়ে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ধ্বংসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ মহড়ায়।উত্তর কোরিয়ার হুমকির ব্যাপারে সিউলের কয়েকজন কর্মকর্তা ভবিষ্যদ্বাণী করেছেন, ১০ ফেব্রুয়ারি নববর্ষের আগেই ঘোষিত পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। কেউ কেউ বলছেন, উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং-উনের বাবার জন্মদিনে এ পরীক্ষা চালানো হতে পারে। উনের বাবা ও দেশটির সাবেক নেতা কিম জং-ইলের জন্মদিন ১৬ ফেব্রুয়ারি।পারমাণবিক পরীক্ষার জন্য পিয়ংইয়ং ইতিমধ্যে প্রযুক্তিগত যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা।’ উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক রোববার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জাং সিয়ুং-জো বলেন, এই অঞ্চলে পারমাণবিক শক্তিচালিত মার্কিন ডুবোজাহাজ ইউএসএস সান ফ্রান্সিসকোর উপস্থিতি উত্তর কোরিয়ার জন্য একটি বার্তা।গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর উদ্দেশে এ পরীক্ষা চালানো হয় বলে পিয়ংইয়ংয়ের দাবি। তবে চিরবৈরী দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, এটা ছিল জাতিসংঘ নিষিদ্ধ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা। এ পরীক্ষার পর পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধির পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদ। এএফপি ও বিবিসি।