দক্ষিণ কোরিয়াকে আবারও যুদ্ধের হুমকি উত্তরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার এ হুমকি দেওয়া হয়। পাশাপাশি সিউলের সঙ্গে সব ধরনের শান্তিচুক্তি বাতিলেরও ঘোষণা দেয় পিয়ংইয়ং।এ ছাড়া সিউলের সঙ্গে সরাসরি যোগাযোগের হটলাইন এবং দুই দেশের অংশীদারি সীমান্ত বন্ধেরও ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং।জাতিসংঘের নতুন অবরোধ আরোপের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া নতুন করে এ হুমকি দিল। এতে যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা করা হচ্ছে।এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকার পরিচালিত কমিটি ফর পিসফুল রিইউনিফিকেশন অব কোরিয়ার (সিপিআরকে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর হুমকি দেওয়া হয়। গতকাল সিপিআরকে জানায়, সিউলের সঙ্গে করা সব শান্তিচুক্তি বাতিল করা হলো। আগামী সোমবার থেকে এসব চুক্তি অকার্যকর বলে গণ্য করা হবে।যুক্তরাষ্ট্র বলেছে, এ রকম ‘চরম ভাষায়’ হুমকি দেওয়া পিয়ংইয়ংয়ের পক্ষে অস্বাভাবিক কিছু নয়। বিদ্যমান পরিস্থিতিতে দুই কোরিয়াকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার মিত্র চীন। এ ছাড়া আলোচনার মাধ্যমে সংকট মোচনের আহ্বান জানিয়েছে বেইজিং। চীন সাধারণত তার মিত্রদের সমালোচনা করে না। কিন্তু সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সমালোচনা করে এবং দেশটির ওপর অবরোধ আরোপে জাতিসংঘকে সমর্থন দেয়।বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ‘গুরুতর’ মন্তব্য করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই বলেছেন, উত্তর কোরিয়ার হুমকি-ধমকি শক্ত হাতে মোকাবিলা করা হবে। তবে তিনি জানান, পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তাঁর আপত্তি নেই।উত্তর কোরিয়া বলেছে, দুই দেশের পানমুনজোম সীমান্তে তাদের দিকের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। পিয়ংইয়ংয়ের এই প্রস্তুতি থেকে আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে ২০১০ সালের মতো দুই দেশের মধ্যে স্থল কিংবা জলযুদ্ধ শুরু হতে পারে। সামরিক সংঘাত এড়াতে ও মতবিরোধ দূর করতে ১৯৯১ সালে দুই দেশ চুক্তি সই করে। এ ছাড়া গত কয়েক বছরে এ ধরনের আরও বেশ কয়েকটি চুক্তি সম্পাদন করা হয়।শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে পিয়ংইয়ং বলেছে, সিউল ‘বিশ্বাসঘাতকদের’ হাতের পুতুল, তাই এর সঙ্গে আলোচনার কিছু নেই। এ জন্য সিউলের সঙ্গে হটলাইন কেটে দেওয়া হচ্ছে। সরাসরি কথা বলার জন্য ১৯৭১ সালে দুই দেশের মধ্যে এই হটলাইন স্থাপন করা হয়েছিল।এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন গতকাল সামরিক বাহিনীর একটি অগ্রবর্তী ইউনিট পরিদর্শন করেছেন। এই ইউনিট ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে গোলাবর্ষণ করেছিল। সে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানায়।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিওক বলেছেন, ‘পিয়ংইয়ং যদি আমাদের ওপর পারমাণবিক হামলা চালায়, তাহলে দেশটি পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।’ গত মাসে পিয়ংইয়ং তৃতীয় দফায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তর কোরিয়ার হুমকির কারণে পরিস্থিতি প্রকট রূপ নিচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। এএফপি ও বিসিসি।