দক্ষিণ কোরিয়ার সেই জাহাজ উদ্ধার
সোমালীয় জলদস্যুদের কাছ থেকে দক্ষিণ কোরিয়া তাদের ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার করেছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ঝটিকা অভিযান চালিয়ে জাহাজটি উদ্ধার করে। দেশটির প্রেসিডেন্ট লি মিউং বাক গতকাল শুক্রবার এ কথা জানান।লি মিউং বাক সাংবাদিকদের জানান, সামহো জুয়েলারি নামের দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ওই জাহাজের ২১ জন নাবিকের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযানে জাহাজটির ক্যাপ্টেন জলদস্যুদের হাতে গুলিবিদ্ধ হন। অবশ্য তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। এ অভিযানে আট সোমালীয় জলদস্যু নিহত হয়েছে। এ ছাড়া অপর পাঁচজনকে আটক করা হয়েছে। সোমালীয় উপকূলের প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দূরে আরব সাগরে এ উদ্ধার অভিযান চালানো হয়। রাসায়নিক পদার্থবাহী দক্ষিণ কোরিয়ার জাহাজটি শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৫ জানুয়ারি এটি আরব সাগরে সোমালীয় জলদস্যুদের ছিনতাইয়ের শিকার হয়। জাহাজটিতে আটজন কোরিয়ান, দুজন ইন্দোনেশিয়ান ও ১১ জন মিয়ানমারের নাবিক ছিলেন। রয়টার্স, বিবিসি।