দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরীয় দুই গুপ্তচরের ১০ বছরের কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার একটি আদালত গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার দুই গুপ্তচরকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। শাস্তি পাওয়া গুপ্তচরদের নাম কিম ও তং। হোয়াং জাং ইয়োপ নামে উত্তর কোরিয়ার স্বপক্ষত্যাগী একজন উচ্চপর্যায়ের ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করার দায়ে তাঁদের এই শাস্তি দেওয়া হয়।আদালতের জ্যেষ্ঠ বিচারক চো হান চ্যাং বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা তাঁদের দোষ স্বীকার করেছেন এবং সাক্ষ্যপ্রমাণে তাঁদের বক্তব্য সঠিক বলে প্রমাণিত হয়েছে। সরকারি কৌঁসুলিরা তাঁদের ১৫ বছরের কারাদণ্ডের জন্য আবেদন করেন।কিম ও তং এমনভাবে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন, যেন উত্তর কোরীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁরা পালিয়ে এসেছেন। কিন্তু তদন্তে প্রমাণিত হয় হোয়াংকে হত্যা করার গোপন উদ্দেশ্য নিয়ে তাঁরা দক্ষিণ কোরিয়া আসেন। তবে উত্তর কোরিয়া অভিযোগ করেছে, কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনে কারাদণ্ড দিয়েছে। বিবিসি, এএফপি।