দক্ষিণ কোরিয়ায় এবার পাতালরেলে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল শুক্রবার পাতালরেল ব্যবস্থার দুটি ট্রেনের সংঘর্ষে প্রায় ২০০ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি বিভাগ এ খবর দিয়েছে।
সিউলের জরুরি বিভাগের এক মুখপাত্র বলেন, ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে যে প্রায় ২০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাঁদের আঘাতের পরিমাণ সামান্য।
প্রাথমিক খবরে বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে পূর্ব সিউলের সাংওয়াংসিমনি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে আরেকটি ট্রেন পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় তখন বেলা সাড়ে তিনটা। সাংওয়াংসিমনি স্টেশন কোরীয় রাজধানীর পাতালরেলের অন্যতম প্রধান লাইনে অবস্থিত।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, চালক ও কর্মীরা ঘটনার সময় যাত্রীদের ট্রেনের ভেতরে থাকার নির্দেশনা দিলেও অনেকে জোর করে দরজা খুলে লাফিয়ে বাইরে নামেন।
ফেরিডুবিতে প্রায় ৩০০ ব্যক্তির মৃত্যুর আঘাত সামলে ওঠার আগেই দক্ষিণ কোরিয়াবাসীকে এত বড় একটি দুর্ঘটনা দেখতে হলো। গত ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে দেশটির উপকূলীয় এলাকায় সিওল নামে একটি ফেরি ডুবে যায়। যাত্রীদের অধিকাংশ ছিল স্কুলছাত্র ও শিক্ষক। এএফপি ও বিবিসি।