দক্ষিণ কোরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ
দক্ষিণ কোরিয়ায় গতকাল বুধবার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লি মিউং বাক ও ক্ষমতাসীন রক্ষণশীল দল সায়েনুরি পার্টির জন্য এই নির্বাচন একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির (ডিইউপি) কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রেসিডেন্ট লি মিউং বাকের গৃহীত ব্যবসাবান্ধব বিভিন্ন নীতির অজনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পার্লামেন্ট নির্বাচনে সাফল্যের ব্যাপারে এগিয়ে ছিল ডিইউপি। তবে দলটির প্রার্থী বাছাইয়ে ভুলের কারণে নির্বাচনের ফলাফলে উভয় দল কাছাকাছি অবস্থানে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।দেশটির গত ২০ বছরের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই বছরে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সায়েনুরি পার্টির সাফল্য অনেকটাই নির্ভর করছে বর্তমান পার্লামেন্ট নির্বাচনে তাদের সাফল্যের ওপর। বিবিসি ও পিটিআই।