দক্ষিণ কোরিয়ায় ব্যাংক, গণমাধ্যমে হ্যাকারদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার তিনটি বড় গণমাধ্যম ও প্রধান দুটি ব্যাংকের কম্পিউটার সার্ভারে গতকাল বুধবার হ্যাকাররা হামলা চালিয়েছে। দেশটির সরকার ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত আছে, এমন সন্দেহে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কাবস্থায় রয়েছে।টেলিভিশন নেটওয়ার্ক ওয়াইটিএন, মুনওয়া ব্রডকাস্টিং করপোরেশন (এমবিসি) ও কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস) এবং প্রধান দুই ব্যাংক—শিনহান ব্যাংক ও নংহিয়াপ ব্যাংকের কম্পিউটার সার্ভারে সাইবার হামলা চালানো হয়।কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা যেসব কম্পিউটারে হামলা করেছে, সেগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেছে।একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছি। অবস্থা খুবই খারাপ এবং সব প্রমাণ হাতে পেতে কয়েক দিন লেগে যেতে পারে।’ব্যাংকগুলো তাদের কার্যক্রম আবার শুরু করতে পেরেছে, তবে টিভিগুলো এখনো জানে না, কখন পুরো সিস্টেম সারাতে পারবে। টিভি কেন্দ্রের বহু কম্পিউটার চালুই করা যাচ্ছে না। তবে টিভিগুলোর সম্প্রচার বন্ধ হয়নি। রয়টার্স।