দক্ষিণ কোরিয়ায় ভূমিধসের পর ভূমিমাইন সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও ভূমিধসের ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ আশপাশের এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। রেকর্ড পরিমাণ মৌসুমি বৃষ্টিপাতের পরপর কয়েক দফা ভূমিধসে ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ১৪ জন। ভূমিধসের কারণে সিউলের নিকটবর্তী সেনাঘাঁটিসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকা মাইন বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত মঙ্গল, বুধ ও গতকাল বৃহস্পতিবার সকালে সিউল ও আশপাশের এলাকায় ৪৭৩ দশমিক ৫ মিলিমিটার (প্রায় ১৯ ইঞ্চি) বৃষ্টিপাত হয়, যা এ-যাবৎকালের রেকর্ড। আবহাওয়া দপ্তর জানায়, ১৯০৭ সালের পর এটাই সবচেয়ে ভারী বর্ষণ। এতে এসব এলাকায় প্রচুর কাদাপানি জমে। এতে রাস্তাঘাট ডুবে যায় এবং লোকজনের বাড়িঘরের অনেক জিনিস নষ্ট হয়। এতে কোটি কোটি মার্কিন ডলারের সম্পদ নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।গতকাল পানি নেমে গেলে সারা সিউল কাদার সাগরে পরিণত হয়। কাদা অপসারণ ও দুর্গত লোকজন উদ্ধারে ভারী সরঞ্জামসহ প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়। এ ছাড়া চার হাজারের বেশি পুলিশ সদস্যও নামানো হয়।জরুরি ত্রাণ কার্যক্রমের একজন মুখপাত্র বলেন, ‘মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় দেশব্যাপী যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পুলিশের সহযোগিতা চেয়েছি।’ ইউনহাপ সংবাদ সংস্থা জানায়, ভূমিধসে একটি বৌদ্ধ মঠে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা চলছে। রাজধানীর কেন্দ্রস্থল দিয়ে চলে যাওয়া হান নদীর কয়েকটি সেতু কাদায় বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানীতে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে।গতকাল নগর কর্তৃপক্ষ জানায়, সাড়ে চার হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ৫৩ জন নিহত ও ১৪ জন নিখোঁজ হয়।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের সময় সিউলের দক্ষিণাঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী ঘাঁটির কাছে একটি পাহাড়ে পুঁতে রাখা ১০টি মাইন ভূমিধসে স্থানচ্যুত হয়েছে। এ ছাড়া উত্তর সিউলের ইয়াংজু এলাকার আরেকটি গোলাবারুদের ভান্ডার থেকেও বিভিন্ন বিস্ফোরকদ্রব্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব মাইন ও বিস্ফোরকদ্রব্যের ব্যাপারে সাবধান হতে সতর্কতা জারি করা হয়েছে।বিমান দুর্ঘটনায় নিহত দুই: চীনের উদ্দেশে রওনা হওয়া দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইনের মালবাহী ৭৪৭ জাম্বো জেট বিমান দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার উপপরিবহনমন্ত্রী কিম হান-ইয়ং জানান, ইনচিয়ন এলাকায় অবস্থিত দেশটির প্রধান বিমানবন্দর থেকে রাত তিনটার দিকে বিমানটি চীনের পাদঙ্গ বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। এর ঘণ্টা খানেক পরই জেজু দ্বীপে এটি বিধ্বস্ত হয়। বিবিসি, রয়টার্স ও এএফপি।