উত্তর কোরিয়ার অব্যাহত হুমকি সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গতকাল সোমবার গোলাবর্ষণের মহড়া চালিয়েছে। সীমান্তবর্তী দ্বীপ ইয়নপিয়ংয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মহড়া চালানো হয়। এ মহড়ার পর উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার উস্কানিমূলক এ আচরণের পরও তাঁরা পাল্টা কোনো পদক্ষেপ নেবে না। তবে উত্তর কোরিয়ার মিত্র দেশ চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরীয় উপদ্বীপের সহিংসতা ‘ভ্রাতৃহত্যার মতো জাতীয় দুর্যোগ’-এ পরিণত হবে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সুই তিয়ানকাই বলেছেন, ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, সেটাই চীন চায়। এই লক্ষ্য অর্জনে আমরা ব্যাপকভাবে কাজ করছি। সেখানে যুদ্ধ কিংবা সহিংসতা উসকে দেওয়ার অধিকার কারও নেই। দুই কোরিয়ার মানুষের মধ্যে রক্তপাত ছড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই।’দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গতকাল দুপুর আড়াইটায় এ মহড়া শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। মহড়া শুরুর প্রাক্কালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। যুদ্ধবিমানগুলোও প্রস্তুত।’ মহড়া চলাকালে এএফপির একজন আলোকচিত্রী ইয়নপিয়ং দ্বীপের বাংকারে ছিলেন। তিনি বলেন, ‘আমি বোমাবর্ষণের শব্দ শুনতে পেয়েছি।’উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল নিউইয়র্কে জরুরি বৈঠকে বসে। কিন্তু চলমান সংকটের ব্যাপারে আট ঘণ্টাব্যাপী এ বৈঠকে কোনো মতৈক্য হয়নি। চীন ও রাশিয়া মহড়া বন্ধে সিউলের প্রতি আহ্বান জানিয়েছে। রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারছে না। তবে যুক্তরাষ্ট্র বলেছে, চলমান পরিস্থিতিতে পাল্টা জবাব দেওয়ার সামর্থ্য অর্জনে মহড়া চালানোর অধিকার আছে দক্ষিণ কোরিয়ার।গত ২৩ নভেম্বর দুই কোরিয়ার মধ্যে গোলা বিনিময় হয়। এতে দক্ষিণ কোরিয়ার দুই সেনাসহ চারজন নিহত হয়। গতকাল মহড়া চালানোর আগে উত্তর কোরিয়া বলেছিল, দক্ষিণ কোরিয়া মহড়া চালালে কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমন সম্ভব হবে না। তবে যুক্তরাষ্ট্র সরকার দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। ওয়াশিংটন এ মহড়ার জবাবে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে উত্তর কোরিয়া তার বিতর্কিত পরমাণু স্থাপনা পরিদর্শনে জাতিসংঘ পরিদর্শক দলকে অনুমতি দিয়েছে। মার্কিন মধ্যস্থতাকারী বিল রিচার্ডসনের সঙ্গে ধারাবাহিক বৈঠকে এ ব্যাপারে সমঝোতা হয়েছে। সিএনএন জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দলটিকে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর বিল রিচার্ডসন পাঁচ দিনের পিয়ংইয়ং সফর শেষে বর্তমানে চীন সফর করছেন। গতকাল বিকেলে বেইজিংয়ে উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনা পরিদর্শনের বিষয়ে তাঁর সাংবাদিকদের ব্রিফ করার কথা। উত্তর কোরিয়া তাঁদের পরমাণু কর্মসূচিবিষয়ক ছয়-জাতি আলোচনা থেকে গত বছর বেরিয়ে আসে। এরপর তাঁরা কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা জানায়। এতে ক্ষিপ্ত হয়ে পিয়ংইয়ং তাদের পরমাণু স্থাপনা পরিদর্শনে জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দলকে নিষিদ্ধ ঘোষণা করে। এএফপি ও বিবিসি।