দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্র সুর নরম করেছে। বেইজিংয়ে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আহ্বানে সাড়া দিয়ে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে নীতিমালা মেনে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছে চীন।তবে দক্ষিণ চীন সাগরের অধিকার প্রশ্নে আগের অবস্থানে অনড় রয়েছে চীন। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি গতকাল বুধবার বলেছেন, দক্ষিণ চীন সাগর পুরোটাই চীনের। এ-সংক্রান্ত ঐতিহাসিক দলিল রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইয়াং আরও বলেন, ‘চীন ও তার প্রতিবেশী দেশগুলোর জন্য দক্ষিণ চীন সাগরের গুরুত্ব অপরিসীম। ব্যবসা-বাণিজ্যের জন্য এ সাগর ব্যবহারে বর্তমানে কোনো বাধা নেই। ভবিষ্যতেও এ ধরনের কোনো নেতিবাচক উদ্যোগ নেওয়া হবে না।’ বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে হিলারি ক্লিনটনকে স্বাগত জানিয়ে ইয়াং বলেন, সম্প্রতি তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সফর করেছেন। দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে চায় চীন। ইয়াং বলেন, আগামী নভেম্বরে কম্বোডিয়ায় পূর্ব এশিয়ার সম্মেলন ‘সফল’ হবে বলে তিনি আশাবাদী। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, চীন ও আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) ১০ সদস্যকে ‘প্রত্যেকের স্বার্থে’ নীতিমালা মেনে একযোগে কাজ করা প্রয়োজন। এতে আলোচনার মাধ্যমেই যেকোনো উত্তেজনা প্রশমন সম্ভব হবে।চীনের সঙ্গে পাল্লা দিতে এশিয়ায় সামরিক ও রাজনৈতিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র—এ ধরনের অভিযোগ অস্বীকার করেন হিলারি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার “অসুস্থ প্রতিযোগিতা” চায় না। ওবামা ও আমি প্রায়ই বলে আসছি, শক্তিশালী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ চীনের উত্থানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।’ গত মঙ্গলবার রাতে দুই দিনের এক সফরে ইন্দোনেশিয়া থেকে বেইজিং যান হিলারি। ওই রাতেই চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। চীনের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত ওই বৈঠকে চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘দৃঢ়’ বলে উল্লেখ করেন হিলারি। তিনি বলেন, ‘যেসব বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য আছে, আমরা সেসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি। আমি মনে করি, এতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা প্রকাশ পাবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলেও জানান হিলারি। ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা ও বল প্রয়োগ ছাড়াই সমস্যা সমাধানের লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।দক্ষিণ চীন সাগরের সীমানা বিরোধ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে আসিয়ান। গতকাল চীনের নেতাদের সঙ্গে বৈঠকের প্রাক্কালে সে দেশে একটি প্রভাবশালী দৈনিক চীন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে না দিতে হিলারিকে হুঁশিয়ার করে দেয়। পিপলস ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।চীনের অন্য নেতাদের সঙ্গে হিলারি বৈঠক করলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে তাঁর পূর্বপরিকল্পিত বৈঠক ‘অনিবার্য কারণবশত’ বাতিল করা হয়। এএফপি ও বিবিসি।