মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, দক্ষিণ চীন সাগরের ব্যাপারে একটি আচরণবিধি চূড়ান্ত করা জরুরি। চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে এটা করতে হবে। তিনি দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধকে বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন।ইন্দোনেশিয়ায় গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগাওয়ার সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন হিলারি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, দক্ষিণ চীন সাগরের ব্যাপারে একটি আচরণবিধি করাই হবে প্রথম ও গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। এ ব্যাপারে দ্রুত কাজ করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানাই আমরা। দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা নিয়ে বিরোধ এড়াতেই এই আচরণবিধি জরুরি।’ হিলারি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, সমুদ্রসীমা নিয়ে বিরোধ যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।’ তিনি বলেন, সীমানা নিয়ে যেকোনো সমস্যার সমাধান জাতিসংঘের কনভেনশন অনুযায়ীই হওয়া উচিত। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগাওয়া শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে আশিয়ানের দেশগুলোর মতৈক্যকে ‘ইতিবাচক দিক’ বলে মন্তব্য করেন তিনি। এএফপি, রয়টার্স।