উত্তর কোরিয়া বলেছে, কোরীয় উপদ্বীপে ‘পারমাণবিক যুদ্ধ’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি উচ্চারণ করে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বিদেশি নাগরিকদের সে দেশ ছেড়ে চলে যেতে বলেছে পিয়ংইয়ং। তারা বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতির বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটি সর্বশেষ হুমকি। এর আগে গত সপ্তাহে একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে সমাজতান্ত্রিক রাষ্ট্রটি। সে সময় তারা পিয়ংইয়ংয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ১০ এপ্রিলের মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার পরামর্শ দেয়। যুদ্ধ বেধে গেলে তাঁদের (কূটনীতিক) নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারবে না—এ কথা সাফ জানিয়ে দেয় দেশটি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শান্তি কমিটির বরাত দিয়ে উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘কোরীয় উপদ্বীপ ধীরে ধীরে পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে।’ সংস্থাটি বলেছে, উত্তর কোরিয়া চায় না, এই যুদ্ধে কোনো বিদেশির ক্ষতি হোক। এ জন্য বিদেশি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটকদের নিরাপদ আশ্রয় নিতে এবং দক্ষিণ কোরিয়া ত্যাগের অনুরোধ জানাচ্ছে দেশটি। বর্তমান এই যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তাদের ‘পুতুল-রাষ্ট্র’ দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছে ওই শান্তি কমিটি।গত ১২ ফেব্রুয়ারি তৃতীয় পারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনেতিক নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া শুরু করে যৌথ সামরিক মহড়া। এতে ক্ষিপ্ত হয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। এই অবস্থায় ১৯৫৩ সালের যুদ্ধের পর কোরীয় উপদ্বীপটিতে সবচেয়ে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এদিকে উত্তর কোরীয় শ্রমিকেরা গতকাল দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি শিল্প এলাকায় কাজের জন্য যেতে পারেননি। এতে শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে সহযোগিতার সর্বশেষ প্রতীকটিও কার্যত বন্ধ হয়ে যায়।তবে এত হুমকি-ধমকি সত্ত্বেও উত্তর কোরিয়া তার ১২ লাখ সদস্যের বিশাল সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে বলে মনে হচ্ছে না। দেশটির নতুন নেতা কিম জং উনের অবস্থান পাকাপোক্ত করতেই এসব যুদ্ধের দামামা বাজানো হচ্ছে বলে পশ্চিমা পর্যবেক্ষকেরা মনে করছেন।উত্তর কোরিয়া যুদ্ধ চায় না!পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান বলেছেন, কিম জং-উনের সরকার এতটা বোকা নয় যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আণবিক অস্ত্র ব্যবহার করবে। কারণ তারা জানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে তারা জয়ী হবে না।ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে কাদির খান আরও বলেন, তিনি দুবার উত্তর কোরিয়া সফর করেছেন। এ সময় তিনি পিয়ংইয়ংকে পারমাণবিক যুদ্ধে জড়ানোর ঝুঁকি এড়ানোর পরামর্শ দেন। উত্তর কোরিয়া এতই ছোট রাষ্ট্র যে যুক্তরাষ্ট্র সেখানে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করলে বিশ্ব মানচিত্রে উত্তর কোরিয়া বলে কিছু থাকবে না। তিনি বলেন, এটা উত্তর কোরিয়ানরা যেমন জানে, তেমনি মার্কিনিরাও জানে। কাদির খান উত্তর কোরিয়ার কাছে পরমাণু প্রযুক্তি পাচার করেছিলেন বলে অভিযোগ আছে। এএফপি ও টেলিগ্রাফ।