দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন যুদ্ধজাহাজ
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ সিঙ্গাপুরে মোতায়েন করা হয়েছে। জাহাজটি গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের উপকূলে পৌঁছায়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন নৌশক্তি বাড়াতে যুদ্ধজাহাজ মোতায়েন হলো। বিশ্লেষকেরা একে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘এশিয়ার প্রতি গুরুত্ব দেওয়ার’ কৌশলের অংশ বলে মনে করছেন। তবে যুক্তরাষ্ট্র এমন সময় সিঙ্গাপুরে এই যুদ্ধজাহাজ মোতায়েন করল, যখন দুই কোরিয়ার মধ্যে চরম উত্তেজনা চলছে। এ ছাড়া দক্ষিণ চীন সাগরে চীন তার নৌবাহিনীর শক্তি প্রদর্শন করছে। ওই অঞ্চলে সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কটি দেশের বিরোধ রয়েছে।মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ‘ইউএসএস ফ্রিডম’ নামের একটি যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে অবস্থান নিয়েছে। গতকাল সিঙ্গাপুরের স্থানীয় সময় বেলা ১১টার দিকে জাহাজটি ওই নৌঘাঁটিতে পৌঁছে। এটি মার্কিন নৌবাহিনীর নতুন ধরনের জাহাজ, যা উপকূলীয় এলাকায় যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি। তাই জাহাজটিকে লিটরাল কমব্যাট শিপ (এলসিএস) বলা হয়।সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ বিশ্লেষক ইয়ান স্টোরে বলেন, ওবামার এশিয়ার প্রতি গুরুত্ব দেওয়ার নীতির অংশ হিসেবে এটা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহার করেছে, আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। তাই এই অঞ্চলে মার্কিন শক্তির ভারসাম্য ফিরিয়ে আনার অংশ হিসেবে ইউএসএস ফ্রিডম সিঙ্গাপুরে মোতায়েন করা হলো বলে মনে হচ্ছে।গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, যুক্তরাষ্ট্র ২০২০ সালের মধ্যে তার রণতরি বহরের অন্যতম অংশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করবে। এএফপি ও এপি।