দক্ষিণ ভারত মহাসাগরে থাকার সম্ভাবনাই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই সপ্তাহ হতে চললেও গতকাল বুধবার রাত পর্যন্ত নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হদিস বা এর পরিণতি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। তবে প্রতিদিনই কিছু না কিছু তথ্য বা সম্ভাব্য সূত্র প্রকাশ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল তদন্তের সঙ্গে যুক্ত একটি সূত্র বলেছে, ফ্লাইট এমএইচ ৩৭০ পথ ছেড়ে ভারত মহাসাগরের দক্ষিণ অংশেই চলে গিয়েছিল বলে সম্ভাবনা বেশি।

এদিকে বোয়িং বিমানটিকে মালদ্বীপের আকাশে দেখা গিয়েছিল বলে ক্ষুদ্র দ্বীপদেশটির কিছু মানুষ যে কথা বলেছেন, তার নির্ভরযোগ্যতা নাকচ করে দিয়েছে মালয়েশিয়া সরকার।

বিমানটির নিখোঁজ হওয়া নিয়ে চলমান তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল জানায়, ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত এটি ভারত মহাসাগরের দক্ষিণের কোনো স্থানে গেছে।

বোয়িং ৭৭৭ বিমানটিকে খুঁজে বের করতে সুবিশাল দুটি ‘করিডরে’ নজিরবিহীন তল্লাশি অভিযান চলছে। এর একটি মালয়েশিয়ার উত্তরে লাওস থেকে মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগর ও অন্যটি দক্ষিণে ভারত মহাসাগরের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত।

নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, ‘সবচেয়ে কার্যকর ধারণা হলো, বিমানটি দক্ষিণ করিডরে গেছে। ধারণা করা হচ্ছে, এটি গেছে করিডরের একেবারে দক্ষিণ প্রান্তে।’

সূত্রটি জানায়, বিমানটি উত্তরের করিডরে থাকা দেশগুলোর আকাশ অতিক্রম করেছে—এমন তথ্য-প্রমাণের ঘাটতি রয়েছে। তা ছাড়া দক্ষিণ করিডরের ওপরের দিকেও পাওয়া যায়নি কোনো ধ্বংসাবশেষ বা সূত্র। এ জন্যই এর নিচের দিকে অর্থাৎ আরও দক্ষিণের কথা ধারণা করা হচ্ছে। 

মালদ্বীপে দেখার খবর নাকচ: এদিকে বিমানটিকে দক্ষিণ মালদ্বীপের আকাশে দেখা গেছে বলে দেশটির কয়েকজন মানুষ যে দাবি করেছেন, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হোসেন গতকালের সংবাদ ব্রিফিংয়ে তার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

মালদ্বীপের সংবাদভিত্তিক একটি ওয়েবসাইটের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান মঙ্গলবার জানায়, দেশটির কুদা হুবাধু দ্বীপের কিছুসংখ্যক বাসিন্দার দাবি, তাঁরা গত ৮ মার্চ স্থানীয় সময় ভোর সোয়া ছয়টায় খুব নিচু দিয়ে বড় একটি বিমানকে উড়ে যেতে দেখেছেন। এটি দেখতে ছিল নিখোঁজ বিমানটির মতো। এর কয়েক ঘণ্টা আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শ্রীলঙ্কায় অবস্থানরত বিবিসির এক সাংবাদিকও মালদ্বীপের অধিবাসীদের ওই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, খুব ধীরগতিতে চললেই কেবল উড়োজাহাজটির ওই সময়ে মালদ্বীপের আকাশে থাকা সম্ভব।

মালদ্বীপের ওয়েবসাইট হাভিরু জানায়, একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এর আগে আমি কখনো আমাদের দ্বীপের ওপর দিয়ে এত নিচু দিয়ে কোনো বিমান উড়ে যেতে দেখিনি। আমরা আগেও কিছু সি প্লেন দেখেছি। কিন্তু এটা সি প্লেন ছিল না নিশ্চিত। আমি বিমানটির দরজাও পরিষ্কার দেখেছি।’ দ্বীপের আরও অনেকেই বিমানটি দেখেছেন বলে দাবি করেন তিনি।

মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ফ্লাইট এমএইচ ৩৭০-এর ব্যাপারে কোনো রেকর্ড তাদের রাডারে নেই। তবে পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ খবরটি খতিয়ে দেখছে।

বিমানের চালক জাহেরি আহমদ শাহর বাড়িতে পাওয়া ফ্লাইট সিম্যুলেটরে যেসব বিমানবন্দরের উল্লেখ ছিল, মালদ্বীপের প্রধন বিমানবন্দর সেগুলোর একটি।

থাই রাডারে অপরিচিত বিমান: মালয়েশিয়ার বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার কয়েক মিনিট পর একটি ‘অপরিচিত বিমানের’ উপস্থিতি থাইল্যান্ডের রাডারে ধরা পড়ে। বিমানটি উত্তর দিকে যাচ্ছিল। আন্দামান সাগরে যাওয়ার আগ পর্যন্ত এর সংকেত পাওয়া গেছে। তবে তখনো নিখোঁজ বিমানটির ব্যাপারে উদ্বেগ শুরু না হওয়ায় এ তথ্য আমলে নেওয়া হয়নি। থাইল্যান্ডের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মন্থন সুকুকর্ন গতকাল এএফপিকে জানান, গত সোমবার থাই রাডারের লগ পরীক্ষায় ওই তথ্য বেরিয়ে আসে। মালয়েশিয়া সরকারের অনুরোধে লগ পরীক্ষা করে দেখা হয়। তবে এয়ার মার্শাল মন্থন সুকুকর্ন বলেন, এটাই নিখোঁজ বিমান কি না, তা নিশ্চিত নয়।

প্রায় সব যাত্রীর তথ্য যাচাই: মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হোসেন সংবাদ ব্রিফিংয়ে বলেন, গতকাল পর্যন্ত তাঁরা রাশিয়া ও ইউক্রেন ছাড়া সব দেশের যাত্রী ও ক্রু সদস্যের ব্যাপারে তথ্য পেয়েছেন। কারও ব্যাপারে সন্দেহ করার মতো তথ্য পাওয়া যায়নি। বিমানটিতে দুই ইউক্রেনীয় ও এক রুশ যাত্রী ছিলেন।

সিম্যুলেটরের তথ্য গায়েব: মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বলেন, ক্যাপ্টেন জাহেরি আহমদ শাহর বাড়িতে যে ফ্লাইট সিম্যুলেটর পাওয়া গিয়েছিল, তা থেকে কিছু তথ্য মুছে ফেলা হয়েছে। তবে মেমোরি খালি করার জন্যও তা করা হয়ে থাকতে পারে। খালিদ আবু জানান, মুছে ফেলা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এএফপি, রয়টার্স, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।

স্বজনদের ওপর চড়াও পুলিশ: এদিকে কুয়ালালামপুরে সংবাদ ব্রিফিংয়ের সময় নিখোঁজ চীনা যাত্রীদের স্বজনদের সঙ্গে পুলিশের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনেও প্রিয়জনদের পরিণতি সম্পর্কে কোনো তথ্য না পেয়ে উদ্বিগ্ন স্বজনেরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে বাইরে অপেক্ষা করছিল। চীনের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ তাদের জোর করে সেখান থেকে সরিয়ে দেয়। পরে মালয়েশীয় সরকারের কর্মকর্তারা এ জন্য দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ার বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এটি কোনো বিপৎসংকেত দেয়নি। বর্তমানে ২৬টি দেশ মিলে এটির খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। ছিনতাই, অন্তর্ঘাতমূলক কাজ, সন্ত্রাসবাদ এমনকি পাইলট বা আরোহীদের কারও মানসিক অসুস্থতা থাকার মতো বেশ কয়েকটি কারণ বিবেচনায় রেখেছেন তদন্তকারীরা।