দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতাকবলিত দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীরা গতকাল বৃহস্পতিবার এক যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। ইথিওপিয়ায় সমঝোতা আলোচনার পর বিবদমান পক্ষ দুটি এ চুক্তিতে উপনীত হলো।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার এক হোটেলে স্বাক্ষরিত এ চুক্তির অধীন ২৪ ঘণ্টার মধ্যে উভয় পক্ষ লড়াই বন্ধ করবে। এ চুক্তির আগে গত সপ্তাহে দক্ষিণ সুদানের সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুটি গুরুত্বপূর্ণ শহর পুনর্দখল করে নেয়।
দেশটিতে এক মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে পাঁচ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট সালভা কির ও তাঁর সাবেক সহকারী রিক মাচারের মধ্যে রাজনৈতিক রেষারেষির জের ধরে গত বছরের ১৫ ডিসেম্বর দেশটিতে পুরোদমে সহিংসতা শুরু হয়। সেই সঙ্গে দেখা দেয় সাম্প্রদায়িক হত্যাকাণ্ড। বিবিসি।