দক্ষিণ সুদানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে দক্ষিণ সুদানের বান্টিও এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় শত শত মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। 

দক্ষিণ সুদানে দায়িত্বরত জাতিসংঘ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, মসজিদ, গির্জা ও হাসপাতালে হামলা হয়েছে। স্থানীয় রেডিওতে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি নারীদের ধর্ষণে পুরুষদের তাগিদ দেওয়া হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, নুয়ের সম্প্রদায়ের লোকেরা বিদ্রোহী রিক মাচারের সমর্থক। অপরদিকে প্রেসিডেন্ট সালভা কির দেশটির বৃহত্তম দিনকা গোষ্ঠীর সদস্য।
গত বছরের ডিসেম্বরে দেশটিতে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীরা দিনকা গোষ্ঠীর সমর্থকদের ব্যাপক হারে হত্যা করেছে। একই সঙ্গে নুয়ের গোত্রের লোকদের হত্যার অভিযোগ আছে সেনাবাহিনীর বিরুদ্ধেও। এ অবস্থা নিরসনে চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতিতে দুপক্ষ স্বাক্ষর করলেও সাম্প্রতিক সময়ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বেড়েছে।
গত সপ্তাহে জাতিসংঘ জানায়, বোর শহরে সংস্থাটির একটি ক্যাম্পে হামলায় ৫৮ জন নিহত হয়েছে। এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
জাতিসংঘের কর্মকর্তা উনমিস বলেন, নুয়ের সম্প্রদায়ের বাইরের এবং বিদেশি নাগরিকেরা বান্টিউতে একঘরে হয়ে পড়েছে। তাদের হত্যা করা হচ্ছে। সম্প্রতি কালি-বাল্লি নামের একটি মসজিদে আশ্রয় নেওয়ার পর ২০০ জনের মতো লোককে হত্যা করা হয়েছে। এ ছাড়া নুয়ের সম্প্রদায়ের যে লোকেরা বিদ্রোহীদের সমর্থন করেনি, তাদেরও হত্যা করা হচ্ছে।