দক্ষিণ সুদানে হাজারো বিদ্রোহী বোরের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের বিদ্রোহীদের নেতা রিক মাচারের অনুগত বলে পরিচিত ‘হোয়াইট আর্মি’ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোর শহরের দিকে এগিয়ে যাচ্ছে। হাজার হাজার তরুণকে নিয়ে গঠিত এই বাহিনীর বোরমুখী যাত্রায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
হোয়াইট আর্মির বোরমুখী যাত্রা ইঙ্গিত দিচ্ছে, সরকারের অস্ত্রবিরতির প্রস্তাব গ্রহণ করেনি বিদ্রোহীরা। গত শুক্রবার দক্ষিণ সুদান সরকার অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছিল। সার্বিক পরিস্থিতিতে অস্ত্রবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিদ্রোহীদের নেতা মাচার জাতিগতভাবে নুয়ের গোষ্ঠীর মানুষ। হোয়াইট আর্মির তরুণেরাও মূলত নুয়ের গোষ্ঠীর। তারা মাচারের একনিষ্ঠ সমর্থক। হোয়াইট আর্মিতে ২৫ হাজার তরুণ রয়েছে বলে জানা গেছে। তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি বলেন, ‘হোয়াইট আর্মির সদস্যরা হালকা অস্ত্র ও মেশিনগান নিয়ে বোর শহরের দিকে অগ্রসর হচ্ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, হোয়াইট আর্মির সদস্যসংখ্যা ১৫ হাজারের মতো।’ দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের মুখপাত্র জো কন্ট্রেরাস বলেন, হোয়াইট আর্মির সদস্যরা রিক মাচারের প্রতি সহানুভূতিশীল। তবে তারা সরাসরি মাচারের নির্দেশে চলে বলে মনে হয় না। সামরিক কোনো প্রশিক্ষণ না থাকলেও এই বাহিনী অনেক তেজোদীপ্ত। কন্ট্রেরাস জানান, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিদ্রোহী সেনাদের সঙ্গে থেকে মাচারের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে হোয়াইট আর্মি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হোয়াইট আর্মি বোর শহরে ঢুকে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। বিশেষ করে বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে।
বোর শহর এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাই হোয়াইট আর্মিসহ বিদ্রোহীদের সেদিকে যাত্রায় ওই অঞ্চলে ব্যাপক লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে।
বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, মাচার হোয়াইট আর্মিকে সংগঠিত করেননি। এই বাহিনীর সদস্যরা সরকারের সেনাবাহিনীর নিয়মিত সদস্য। এখন তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
পূর্ব আফ্রিকার আট দেশের নেতারা গত শুক্রবার কেনিয়ায় বৈঠক করে দুই পক্ষকে চার দিনের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। ওই বৈঠক চলাকালেই অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট কির। বিবিসি ও আল-জাজিরা।