দক্ষিণ সুদানে হামলায় নিহত ৪০
সদ্য স্বাধীন হওয়া দেশ দক্ষিণ সুদানে একটি গবাদিপশুর খামারে গত সপ্তাহে বন্দুকধারীদের হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমের মদদে বন্দুকধারীরা ওই ঘটনা ঘটিয়েছে বলে দেশটির কর্মকর্তারা গতকাল সোমবার অভিযোগ করেছেন। দক্ষিণ সুদান ও সুদানের মধ্যকার উত্তেজনা ওই অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করতে পারে—জাতিসংঘের এমন হুঁশিয়ারির মধ্যেই খার্তুমের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হলো। দক্ষিণ সুদানের স্বরাষ্ট্রমন্ত্রী আলিসন মানানি মাগায়া বলেন, ‘গত সপ্তাহে দেশের ইউনিটি রাজ্য থেকে একটি মিলিশিয়া গোষ্ঠীর বন্দুকধারীরা ওয়ারাপ রাজ্যে প্রবেশ করে ওই গবাদিপশুর খামারে গিয়ে মানুষের ওপর নির্বিচারে গুলি ছোড়ে।’ তিনি অভিযোগ করেন, ‘খার্তুম সরকারের মদদে মিলিশিয়া গোষ্ঠীটি ওই হামলা চালিয়েছে।’ওই হামলার জন্য সুনির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী না করলেও মাগায়া দাবি করেন, ইউনিটি রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পরের যোগসাজশে খামারে হামলা চালিয়ে ৪০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বহু গবাদিপশু ছিনতাই করে নিয়ে গেছে। মাগায়া আরও বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য সেখানে একটি সরকারি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং কর্মকর্তারা এখনো সেখানে মৃতদেহ গণনার কাজ করছেন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে গত রোববার জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই উত্তেজনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকিতে পরিণত হয়েছে।’ইউনিটি রাজ্যে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। দক্ষিণ সুদান অভিযোগ করছে, খার্তুমের মদদে এসব গোষ্ঠী বেসামরিক মানুষের ওপর হামলা এবং মাটিতে মাইন পুঁতে রাখার মাধ্যমে দক্ষিণ সুদানকে অস্থিতিশীল করছে চাইছে। কয়েক দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত বছরের জুলাইয়ে সুদানের কাছ থেকে স্বাধীনতা পায় দক্ষিণ সুদান। এর পর থেকেই দেশ দুটি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে। তেলসমৃদ্ধ হলেও দারিদ্র্যপীড়িত দক্ষিণ সুদান বছরের পর বছর চলা সহিংসতায় জর্জরিত। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো পরস্পরের গবাদিপশু চুরির জন্য সেখানে প্রায়ই নির্মম হামলা চালায়। এএফপি।