গৃহযুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে চলমান সংঘাতে রাজধানী জুবার ৩৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ।
গত শুক্রবার থেকে জুবায় প্রেসিডেন্ট সালভা কির এবং সাবেক বিদ্রোহী ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। তবে গতকাল মঙ্গলবার থেকে এই দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
যুদ্ধবিরতি শুরু হলেও ইতিমধ্যেই এই সংঘাতের ফলে ৩৬ হাজার মানুষ পালিয়ে গেছে বলে জানান ওসিএইচএ-এর মুখপাত্র ভেনেসা হুগুয়েনিন। তিনি বলেন, ঘরবাড়ি ছাড়া লোকজনের মধ্যে নারী এবং শিশুই বেশি। সাম্প্রতিকতম এই সংঘাতের ফলে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মুখপাত্র হুগুয়েনিন আরও বলেন, রাজধানী জুবায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সংঘাতের কারণে উদ্বাস্তু হয়ে পড়া মানুষের আশ্রয়ের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় জাতিসংঘের পক্ষ থেকে। শুক্রবার থেকে শুরু হওয়া সাম্প্রতিকতম লড়াইয়ে সব মিলিয়ে ৩০০ জন নিহত হয়েছে।